ইসরায়েলকে পেছনে ফেলে ইউরোভিশন শিরোপা বুলগেরিয়ার
ইসরায়েল, রোমানিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় লাইভ সংগীতায়োজন ইউরোভিশনের শিরোপা জিতল বুলগেরিয়া। ৭০তম এই আসর প্রতিযোগিতার চেয়েও ইসরায়েলের অংশ নেওয়া নিয়ে প্রতিবাদ আর বর্জনেই সরব ছিল বেশি।
শিরোপাজয়ী বুলগেরিয়ার প্রতিযোগী দারা ট্রফি হাতে মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘অনেক ধন্যবাদ এই সমর্থনের জন্য। এটা অবিশ্বাস্য! আমি বুঝতেও পারছি না আসলে আমার ভেতর কী হচ্ছে।’
গত শনিবার রাতের ফাইনালে দ্বিতীয় হয়েছে ইসরায়েল আর তৃতীয় রোমানিয়া। জার্মানি ২৩তম আর যুক্তরাজ্যের অবস্থান ছিল এবার ২৫তম।
ইসরায়েলের অংশগ্রহণ এবারের আসর নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা।
ইসরায়েল অংশ নেওয়ায় আসর বর্জন করে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও স্লোভেনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা ভিয়েনায় থাকব না; কিন্তু আমরা ইতিহাসের সঠিক পক্ষ নিয়েছি, এই দৃঢ় বিশ্বাস নিয়েই তা করছি।’
বর্জনের নিন্দা জানিয়ে ইসরায়েল দাবি করেছে, তারা বৈশ্বিক নেতিবাচক প্রচারের শিকার হচ্ছে। রাজনীতি পাশে রেখে দর্শকদের শো উপভোগের আহ্বান জানান ইউরোভিশনের প্রধান মার্টিন গ্রিন। তবে বর্জনের কারণে আগেরবারের তুলনায় কম বৈশ্বিক দর্শক পেয়েছে ৭০তম আসরটি।