ব্রিটিশ ভারতীয় সেনাদের স্মরণে স্কটল্যান্ডে প্রথম স্মৃতিস্তম্ভ
দুই বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া লাখো ভারতীয় সেনার আত্মত্যাগের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে যুক্তরাজ্য। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এর নাম হবে ‘ব্রিটিশ ভারতীয় সেনা স্মৃতিস্তম্ভ’। গ্লাসগো শহরের স্থানীয় পরিষদ এ পরিকল্পনা অনুমোদন করেছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গ্লাসগো শহর কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ভারতীয় সেনাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণের নকশা চূড়ান্ত করার পথ তৈরি হয়। গ্লাসগো শহরের কেলভিংগ্রোভ আর্ট গ্যালারি ও জাদুঘরের কাছে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হবে।
স্কটল্যান্ডে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের ইতিহাস নিয়ে কাজ করে কালারফুল হেরিটেজ নামে একটি সংগঠন। তারা ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের এ উদ্যোগ নিয়েছে। ব্রিটিশ ভারতে ৪০ লাখের বেশি ভারতীয় সেনার সেবা ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে স্কটল্যান্ডে প্রথম একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ সম্পর্কে কালারফুল হেরিটেজের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান, গোর্খা ও আরও যেসব ভারতীয় সেনা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের স্মরণে আমরা এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।’
এই স্মৃতিস্তম্ভ নির্মাণে গত বছর সমর্থন দিয়েছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্টের সব দলের আইনপ্রণেতারা।