ইরানি বন্দর অবরোধে ট্রাম্পের পদক্ষেপে যোগ দেবে না যুক্তরাজ্য

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর ওমানের মাসকাট উপকূলে নোঙর করে আছে তেলবাহী জাহাজ ‘লুওজিয়াশান’। ৭ মার্চ ২০২৬ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র এ কথা বলেছেন।

ওই মুখপাত্র বলেন, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা ইরানি বন্দর অবরোধে ব্যবহৃত হবে না। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোনবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রিটিশ সরকারের মুখপাত্র আরও বলেন, তাঁরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালি খোলা রাখার নীতিকে সমর্থন করে যাবেন, যা বৈশ্বিক অর্থনীতিসহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি।