ফ্রাঙ্কফুর্ট বইমেলা শুরু, থাকছে বাংলাদেশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা জার্মানি ফ্রাঙ্কফুর্ট বইমেলা শুরু হয়েছে
ছবি: রয়টার্স

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বইমেলার ৭৫তম আসর বসছে। জার্মানি এবং সেই সঙ্গে বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে এই মেলার রয়েছে অপরিসীম অবদান। চলমান ঐতিহ্যকে সঙ্গে নিয়ে মধ্য জার্মানির অন্যতম এই ব্যস্ত বাণিজ্য শহর ফ্রাঙ্কফুর্ট বইমেলা উপলক্ষে সেজেছে সৃষ্টিশীল নান্দনিকতায়। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মেলা। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলাতেও থাকবে বাংলাদেশ। ২০১৫ সাল থেকেই সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে।

‘অ্যান্ড দ্য স্টোরি গো অন’ স্লোগানে ভরে ফেলা হয়েছে শহর। সেখানে আছে ৭৫টি চেয়ার। সাঁটিয়ে রাখা হয়েছে একটি বার কোড। আর তা স্ক্যান করলেই আগ্রহী পথচারীরা পড়তে পারবেন ফ্রাঙ্কফুর্ট বইমেলা সম্পর্কে ৭৫টি গল্প। থাকবে ৭৫টি বইয়ের আলমারি। ভাগ্যবান হলে বইয়ের ভেতরে খুঁজে পাবেন মেলায় প্রবেশের টিকিট। মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে বইয়ের স্তূপ।

ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে বইকে ঘিরে ইউরোপীয় বুদ্ধিজীবী অভিজাতদের মিলনের স্থল ছিল ফ্রাঙ্কফুর্ট। ইউরোপের অধ্যাপক, পণ্ডিত, আর্কাইভার এবং ধর্মযাজকেরা তাঁদের লেখা বই আকারে প্রকাশ করা বা প্রকাশক খুঁজতে কিংবা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে জ্ঞান-বিজ্ঞানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে মাইন নদীর তীরবর্তী শহর ফ্রাঙ্কফুর্টে একত্র হতেন।

তবে সে সময় সাধারণ মানুষের জন্য বইপত্র নাগালের বাইরে ছিল। বইকে ঘিরে ফ্রাঙ্কফুর্টের ঘরানা যখন জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়াতে শুরু করল, তখন সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে রোমান সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান রাজতন্ত্রবিরোধী ‘তাত্ত্বিক লেখার’ বিস্তার রোধে সেন্সরশিপ আরোপ করেছিলেন। বিশেষভাবে গঠিত একটি কমিশন বইয়ের দোকানগুলো পরিদর্শন করার জন্য নিখরচায় অনুলিপি সংগ্রহ করার এবং অননুমোদিত লেখাগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

মধ্য ইউরোপের আধিপত্য নিয়ে ফরাসি-হাবসবার্গ রাজাদের ৩০ বছরের ধর্মযুদ্ধের ফলে ফ্রাঙ্কফুর্টের বইভিত্তিক চর্চাকেন্দ্র জার্মানির আরেক শহর লাইপজিগে কেন্দ্রীভূত হয়। লাইপজিগ তখন বুদ্ধিবৃত্তিক সাহিত্যচর্চা ও বিখ্যাত সংগীতজ্ঞ ইয়োহান সেবাস্তিয়ান বাখ প্রমুখের কারণে সাহিত্য-সংগীতের আরেক চারণভূমিতে পরিণত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর আবারও ৩০০ বছর আগের ফ্রাঙ্কফুর্টের বইকেন্দ্রিক সংস্কৃতি ফিরে আসতে শুরু করে। ১৯৪৯ সালের ১৮-২৩ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টের পাউল গির্জায় ২০৫টি প্রকাশনার ৮৪৪টি বই প্রদর্শনের মাধ্যমে বইমেলার যাত্রা শুরু হয়।

ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরিচালক ইউরগেন বস ৭৫তম বর্ষপূর্তি উৎসবে উপলক্ষে আগাম সংবাদ সম্মেলনে  বলেন, ‘আমরা আমাদের ঐতিহ্যবাহী বইমেলাকে আবার আগের প্রাণবন্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। এবারের মেলায় অতিথি দেশ হিসেবে থাকছে স্লোভেনিয়া।

অতিথি দেশ স্লোভেনিয়া ৭৫ জন লেখক, অনুবাদক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মীকে এই উপলক্ষে ফ্রাঙ্কফুর্টে এসেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে বইমেলার ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। গত বছর বইমেলায় ১ লাখ ৮০ হাজার দর্শনার্থী হাজির হয়েছিলেন। তবে করোনা মহামারির আগে ২০১৯ সালে তিন লাখ দর্শনার্থী হাজির হয়েছিলেন।

প্রতিবছরের মতো এবারও বইমেলা শান্তি পুরস্কার দেওয়া হবে। আর তা পেতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি। জার্মানির বই প্রকাশকদের দেওয়া এই শান্তি পুরস্কার ছাড়াও বইবিষয়ক আরও কিছু পুরস্কার দেওয়া হয়।

১৯৯৩ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলা ইলেকট্রনিক মিডিয়ার জন্যও উন্মুক্ত করা হয়েছে। বইমেলা প্রাঙ্গণে সাতটি উপস্থাপনা ফোরাম খোলা থাকবে। এসব ফোরামে ফিল্ম এবং টেলিভিশন–বিষয়ক উপস্থাপনা দেখা যাবে। অনুবাদ ও গ্রন্থাগারিক কেন্দ্রে অডিও বই এবং আধুনিক পুরাকীর্তি নিয়ে বক্তৃতা অনুষ্ঠান হবে। বইমেলায় শিশুদের এবং তাদের মা–বাবার জন্য ‘ফ্রাঙ্কফুর্ট কিডস ফেস্টিভ্যাল’ নামে একটি প্যাভিলিয়ন থাকবে। সেখানে শিশুতোষ বই পাঠ, অঙ্কনের কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। প্রিয় লেখকদের অটোগ্রাফের জন্য মেলার অতিথিদের আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে না হয়, সে জন্য ‘লেখকের সঙ্গে সাক্ষাৎ’ এলাকা করা হয়েছে।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের প্যাভিলিয়ন রয়েছে বইমেলায়। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সেখানে বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন লেখকের প্রায় ৫০০ বাংলা ও ইংরেজি বই প্রদর্শন করা হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি ও সাংবাদিক মিনার মনসুরের নেতৃত্বে একটি দল এবার মেলায় অংশ নিচ্ছে। দলে থাকছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও অতিরিক্ত সচিব সগীর হোসেন এবং রাজিব সরকার। এ ছাড়া বাংলাদেশ থেকে বাতিঘর এবং অঙ্কুর প্রকাশনীর পক্ষ থেকে দীপঙ্কর দাশ ও মেজবাহ আহমেদ মেলায় আসবেন বলে জানা গেছে। এ ছাড়া রাজধানী বার্লিন থেকে মেলায় আসবেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। মেলায় সমন্বয়কের দায়িত্বে থাকছেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম।

এদিকে ফ্রাঙ্কফুর্ট ৭৫তম বইমেলার পূর্তি উৎসবকে সামনে রেখে ফ্রাঙ্কফুর্টে বইপ্রেমী বাংলাদেশিরা ফ্রাঙ্কফুর্ট নর্থ ভেস্ট কেন্দ্রের সালবাউ টিটস ফোরামে আগামী শনিবার প্রথম বাংলা বইমেলা আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা বলেছেন, প্রবাসে যেখানেই বাংলা ভাষার জনগোষ্ঠী রয়েছে সেখানেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা নতুন বাঙালি প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় আগত বাংলাদেশ ও ভারতের প্রকাশক এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ফ্রাঙ্কফুর্ট বাংলা বইমেলায় নিমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন।