২১ বছর ধরে হাতে এনসাইক্লোপিডিয়া লিখে তাক লাগালেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোস গ্যাবাটিস পেশায় জলবায়ুবিষয়ক সাংবাদিক
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জোস গ্যাবাটিসের বয়স যখন ৯ বছর, তখনই জীবন্ত প্রতিটি প্রাণীর এনসাইক্লোপিডিয়া  লেখার ঝোঁক মাথায় চেপে বসে তাঁর। যেই ভাবা, সেই কাজ। ওই সময়েই প্রবাল, কীট ও জেলিফিশের তথ্য লেখা দিয়ে শুরু করেন  কাজ। ৩০ বছর বয়সে প্রতিটি জীবন্ত প্রাণীর এনসাইক্লোপিডিয়া  হাতে লিখে শেষ করে তাক লাগিয়ে দিয়েছেন জোস।

মাত্র ৯ বছর বয়সে প্রাণী বিশ্বকোষ নিয়ে কাজ শুরু করেন জোস
ছবি: টুইটার থেকে নেওয়া

এনসাইক্লোপিডিয়ায় শেষ যে প্রাণীর তথ্য অন্তর্ভুক্ত করেছেন, সেটা হলো শিম্পাঞ্জি।
সাউথ লন্ডনের জোস গ্যাবাটিস পেশায় বর্তমানে জলবায়ুবিষয়ক সাংবাদিক। ২০০১ সালে তিনি ‘জোস’স বুক অব অ্যানিমেলস’ নামে এই এনসাইক্লোপিডিয়া লেখা শুরু করেন। পুরোটাই হাতে এঁকেছেন ও লিখেছেন। আঁকা ও ব্যাকরণ ঠিক রেখেছেন। তবে পুরো বিষয়টি কিছুটা কষ্টদায়ক ছিল বলেন তিনি।

প্রাণী বিশ্বকোষ লেখার কাজ সমাপ্ত করে হাসিমুখে জোস
ছবি: টুইটার থেকে নেওয়া

এনসাইক্লোপিডিয়া লেখা শেষ করে সম্প্রতি টুইটারে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন জোস গ্যাবাটিস। তিনি বলেন, প্রাণীবিষয়ক একটি বইয়ের আদলে তিনি এটি লিখেছেন।
জোস গ্যাবাটিস বলেন, দীর্ঘদিন ধরে এই কাজ করেছেন তিনি। শুরুতেই বড় বড় প্রজাতির প্রাণীতে হাত দেননি। শুরুটা করেছেন প্রবাল, কীট  দিয়ে ।

‘জোস’স বুক অব অ্যানিমেলস’  ১১৮ পৃষ্ঠার। বইটিতে প্রাণীদের অমেরুদণ্ডী, মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীসহ মোট ছয়টি বিভাগে ভাগ করা হয়েছে।  প্রতিটি বিভাগের শেষে একটি সূচি রয়েছে।

তাঁর বিশ্বকোষের শেষতম প্রাণী হলো শিম্পাঞ্জি
ছবি: টুইটার থেকে নেওয়া

যুক্তরাজ্যের ওয়েস্ট অক্সফোর্ডশায়ার কাউন্টিতে বেড়ে উঠেছেন জোস।  ৯ বছর বয়স থেকে শুরু করে কৈশোর পর্যন্ত একটানা এনসাইক্লোপিডিয়া তৈরির কাজ করেছেন।  

নিজ হাতে করা বিশ্বকোষের প্রচ্ছদ
ছবি: টুইটার থেকে নেওয়া

তিনি মাছ, উভচর, সরীসৃপ এবং এরপরে পাখি নিয়ে কাজ করেছেন। তিনি বলেন, ‘কাজ করতে করতে কৈশোরের শুরুর দিকে বিশ্বকোষটির শেষ পর্যন্ত যাওয়ার আগ্রহ বেড়ে যায়। ...কিন্তু কৈশোরের শেষ দিকে এসে দেখি, বিষয়গুলো অনেক বেশি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এ কারণে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।’

জোস’স বুক অব অ্যানিমেলস
ছবি: টুইটার থেকে নেওয়া

জোস বলেন, তিনি বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণীর তথ্য দিতে পেরেছেন। এই বিভাগে আর তিন পৃষ্ঠা বাকি থাকতেই বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় তাঁর। পড়াশোনার এই সময়ে কাজ বন্ধ রাখতে হয় তাঁকে। পরে করোনার লকডাউনের সময় আবার কাজে মন দেন তিনি। এ সময় তিনি গাছের গুঁড়ি ও উড়ন্ত লেমুরসহ আরও কিছু স্তন্যপায়ী প্রাণী নিয়ে কাজ করেন। এরপর গত মাস পর্যন্ত আবারও  লেখার কাজ বন্ধ রেখেছিলেন তিনি। তিনি টুইটার পোস্টে বলেন, এই মাসে শিম্পাঞ্জির ছবি আঁকার  মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় ধরে চলা এই প্রকল্পটি শেষ হয়েছে।

আঁকা ও ব্যাকরণ ঠিকঠাক থাকলেও হাতের লেখা ‘বেশ ভয়ংকর’ বলে জানিয়েছেন জোস
ছবি: টুইটার থেকে নেওয়া

জোস বলেন, ‘শৈশবের আবেগকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমার জন্য এটি সত্যিই বিশেষ কিছু। কারণ, এই বিষয় নিয়ে ৯ বছর বয়সে যেমন অনুভব করেছিলাম, এখনো তেমন অনুভব করছি। আর বইটির প্রতিক্রিয়াও চমৎকার হয়েছে।’