হাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি, দেশটির নৌবহরে এটি প্রথম সাবমেরিন, যাতে শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতির রুশ ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে তারা আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে।
ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন পুতিন। এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো।
অনুষ্ঠানে পুতিন বলেন, ‘বিশ্বের হাতে গোনা যে কয়টি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার ও যেকোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রয়েছে এটির।’
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি হলো এসব পারমাণবিক সাবমেরিন। গভীর পানির নিচে গোপনে চলাচল করতে পারায় শত্রুপক্ষের রাডারে এগুলো সহজে ধরা পড়ে না। ফলে রাশিয়া কখনো হামলার শিকার হলে এসব সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানা সম্ভব।
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি হলো এসব পারমাণবিক সাবমেরিন। গভীর পানির নিচে গোপনে চলাচল করতে পারায় শত্রুপক্ষের রাডারে এগুলো সহজে ধরা পড়ে না। ফলে রাশিয়া কখনো হামলার শিকার হলে এসব সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানা সম্ভব।
পুতিন বলেন, ২০৩০ সালের মধ্যে নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এসব সাবমেরিন বিশ্বের যেকোনো মহাসাগরে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখবে। একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদী তিনি।