যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির সম্মেলনে এক টুকরা বাংলাদেশ
যুক্তরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে বাংলাদেশি স্টল নজর কেড়েছে সবার। সম্মেলনে আসা অনেকেই লাল-সবুজের পতাকাখচিত স্টল দেখতে ভিড় করেছেন।
বাংলাদেশকে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। ২২ জন ব্রিটিশ এমপি বাংলাদেশি স্টলের শাপলা প্রজেক্টে স্বাক্ষর করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।
২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহাম সিটিতে অনুষ্ঠিত হয় কনজারভেটিভ পার্টির চার দিনব্যাপী সম্মেলন। সেখানে বাংলাদেশি স্টলে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার পাশাপাশি দেশের ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন ছবি প্রদর্শন করা হয় এবং ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশ স্টল পরিদর্শন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, বাণিজ্যমন্ত্রী কেমি বাডেনক, যোগাযোগমন্ত্রী রবার্ট কোর্ট, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমসহ কনজারভেটিভ পার্টির বিভিন্ন আসনের এমপি ও হাইকমিশনের কর্মকর্তারা।
এ সময় কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মেহফুজ আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, সেক্রেটারি নাজ ইসলাম, উপদেষ্টা মুকিম আহমেদ, কাউন্সিলর সেলিম আহমেদ, কাউন্সিলর আতিকুল হক, আবদুল মোবিন, ফাজলি বিবি, হুসাইন এম আর রাহিমসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে কনজারভেটিভ পার্টির প্রতি আগামী জাতীয় নির্বাচনে এমপি পদে আরও বেশি আসন থেকে ব্রিটিশ বাংলাদেশিদের মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।