টাইমের বর্ষসেরা জেলেনস্কি ও ইউক্রেনীয়রা
ইউক্রেনীয়দের অদম্য শক্তি ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে মার্কিন সাময়িকী টাইম। আজ বুধবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।
বছরে বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু অথবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর ‘বর্ষসেরা’ ঘোষণা করে থাকে টাইম। সাময়িকীটির চোখে বর্ষসেরা হওয়ার জন্য এ বছর আরও মনোনয়ন পেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের বিক্ষোভকারীরা ও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
এবারের বর্ষসেরা নিয়ে টাইমের সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেছেন, তাঁর জানামতে এ বছরই বর্ষসেরা নির্বাচিত করার সিদ্ধান্তটি ছিল সবচেয়ে সহজ। বলেন, ‘বর্তমানের বিভাজিত একটি বিশ্ব এই একটি ঘটনা (ইউক্রেন যুদ্ধ) ও একটি দেশ (ইউক্রেন) বিশ্বের সবাইকে এক করেছে।’
টাইম সম্পাদক আরও বলেন, দ্য স্পিরিট অব ইউক্রেন বলতে বিশ্বজুড়ে থাকা ইউক্রেনীয়দের বোঝানো হয়েছে। এর মধ্যে পর্দার আড়ালের ব্যক্তিরাও আছেন।
সাময়িকীটি বলেছে, ‘জেলেনস্কি ইউক্রেনীয়দের অনুপ্রাণিত করেছেন এবং রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সাহস দেখিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন। যুদ্ধকালীন একজন নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাফল্য এ সত্যকেই প্রতিষ্ঠিত করেছে যে সাহস সব সময়ই উৎসাহব্যঞ্জক।’