তুরস্কের ভূমিকম্পে কাঁপল গ্রিনল্যান্ডও
তুরস্ক ও সিরিয়ায় আজ সোমবার যখন ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সে সময় ডেনমার্কের গ্রিনল্যান্ড দ্বীপেও ভূকম্পন অনুভূত হয়েছে। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার পক্ষ থেকে আজ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেও ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ভূমিকম্পবিশেষজ্ঞ টিনে লারসেন এএফপিকে বলেন, তুরস্কে আঘাত হানা একাধিক ভূমিকম্পের সময় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেও ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। এদিকে এ ভূমিকম্পের আঘাতে তুরস্কের পাশের দেশ সিরিয়ায় আরও পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশে কয়েক হাজার মানুষ নিখোঁজ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় আজ ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমন্ত ছিল।