এখনই তেলের মজুত ছাড়ছে না জি-৭ দেশগুলো

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের কুশিং অয়েল হাবের তেল মজুতের ট্যাংক। ২২ মে ২০২৩ছবি: রয়টার্স

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকস্মিক বাড়লেও এখনই নিজেদের সংরক্ষিত জরুরি মজুত বাজারে না ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। তবে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যেকোনো ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা।

সোমবার জোটের অর্থমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে মূলত রোববার রাতে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়।

জি-৭-এর এক কর্মকর্তা জানিয়েছেন, এখনই তেলের কৌশলগত মজুত না ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রীদের মধ্যে ঐকমত্য হয়েছে। এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে তারা তেলের মজুত ছেড়ে দেওয়াসহ যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে এখনই সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বৈঠকের বিষয়ে অবগত জি ৭-এর ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এ বিষয়ে সবার মধ্যে সাধারণ ঐকমত্য ছিল। বিষয়টি এমন নয় যে কেউ এর বিরোধিতা করেছে, বরং এটি সঠিক সময়ের ব্যাপার। এ জন্য আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।’

ওই কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার একই ইস্যুতে জি-৭-এর জ্বালানিমন্ত্রীরা একটি টেলিকনফারেন্স করবেন। এ ছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে জোটের শীর্ষ নেতারাও বৈঠকে বসবেন। তাঁর মতে, এ বিষয়ে জোটের শীর্ষ নেতাদের পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, জার্মানি ও ফ্রান্স নিয়ে জি-৭ জোট গঠিত।