প্রধানমন্ত্রী ফিৎসোকে কেন গুলি করা হলো, সেই রহস্য কাটছে না

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোকে গুলি করার পর এই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে গুলি করার কথা শোনা যায়নি। তাই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোকে হত্যাচেষ্টার ঘটনা মধ্য ইউরোপের দেশটিতে আলোড়ন তৈরি করেছে। চলছে এ ঘটনার চুলচেরা বিশ্লেষণ।

প্রধানমন্ত্রী ফিৎসোকে গুলি করার ঘটনায় যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি স্লোভাকিয়া সরকার। তবে দেশটির গণমাধ্যমে তাঁর পরিচয় দেওয়া হয়েছে ৭১ বছর বয়সী জুরাজ সিন্টুলা হিসেবে।

স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় শহর লেভিসের উপকণ্ঠে একটি অ্যাপার্টমেন্টে ব্লকে থাকতেন জুরাজ সিন্টুলা। ওই ব্লকের অন্যান্য বাসিন্দার মতো মাইল লুডোভিটও সিন্টুলাকে একজন আস্থাভাজন প্রতিবেশী ও বন্ধু হিসেবে দেখতেন। ৪০ বছরের বেশি সময় তাঁরা পাশাপাশি বসবাস করছেন। লুডোভিট কখনো কল্পনাও করতে পারেননি যে ৭১ বছর বয়সী সাবেক নিরাপত্তারক্ষী ও কবি সিন্টুলা আধুনিক স্লোভাকিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হামলার জন্য সন্দেহভাজন ব্যক্তি হবেন।

হত্যাচেষ্টার শিকার হয়ে প্রধানমন্ত্রী ফিৎসোর অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরদিন বৃহস্পতিবার লুডোভিট বলেন, ‘আমি তাঁকে কয়েক দশক ধরে চিনি। তিনি যদি এমন কিছুর পরিকল্পনা করেন, তার কোনো লক্ষণ ছিল না। কিন্তু তাঁর মাথায় কী চলছিল, তা তো আর আমার জানার সুযোগ ছিল না। তিনি এমনটি কেন করলেন, তা আমাদের পুরো অ্যাপার্টমেন্টবাসী বোঝার চেষ্টা করছেন।’

লুডোভিট একা নন; বরং স্লোভাকিয়ার বড় অংশের মতো পুরো লেভিসবাসী বৃহস্পতিবার এই হামলার কারণ বোঝার চেষ্টা করে কোনো কূলকিনারা পাচ্ছিলেন না।
হামলাকারী কেন এ হামলা করলেন, সেই রহস্য স্পষ্ট না হলেও এমন সময়ে হামলাটি হয়েছে, যখন স্লোভাকিয়ার সমাজে বিভক্তি বাড়ছে।

লুডোভিট জানান, মাঝেমধ্যে সিন্টুলার সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলতেন তিনি। তবে কখনো তাঁর শক্ত রাজনৈতিক মত রয়েছে বলে তাঁর মনে হয়নি। তবে ফিৎসো সরকারের আমলে বাক্‌স্বাধীনতার ওপর ক্রমেই আক্রমণ বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

লুডোভিট বলেন, ‘কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে তিনি এমন কোনো জঘন্য কাজ করতে পারেন। তিনি কখনো সহিংসতার কথা বলেননি। তিনি কট্টর ছিলেন না।’
স্লোভাকিয়ার পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে সিন্টুলাকে হামলাকারী বলে ঘোষণা করেনি। কিন্তু তারা বলছে, এ হামলার ‘স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন

স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি ‘নিঃসঙ্গ নেকড়ে, যে সম্প্রতি কট্টরপন্থী হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর’, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।  
বুধবারের গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে, যাতে সিন্টুলাকে আটক অবস্থায় দেখা গেছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি সরকারের নীতির সঙ্গে একমত নন। বিশেষ করে গণমাধ্যমকে সংকুচিত করার সরকারের নীতিকে তিনি মানতে পারেননি। তবে এ ভিডিও কে করেছেন এবং কীভাবে এটি অনলাইনে ছড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

লুডোভিট জানান, তিনি সিন্টুলাকে সর্বশেষ দেখেছিলেন গত সোমবার। তখন তাঁর সিন্টুলাকে স্বাভাবিকই মনে হয়েছে। অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে পুলিশের একটি চৌকির সামনে দিয়ে যেতে যেতে লুডোভিট সবচেয়ে ওপর তলার একটি ফ্ল্যাট দেখিয়ে বলেন, এটাই সিন্টুলা ও তাঁর স্ত্রীর ফ্ল্যাট। তিনি বলেন, ‘তিনি (সিন্টুলা) কেন এটা করলেন, কী করলেন, সে বিষয়ে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই।’

প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায়, সিন্টুলা স্থির নন, তাঁর মধ্যে পরস্পরবিরোধী অবস্থান কাজ করে। ফিৎসোর এ সমালোচক সহিংসতার বিরুদ্ধে সরব ছিলেন। আবার মাঝেমধ্যে ‘অতি জাতীয়তাবাদী বয়ানের’ সঙ্গেও তাঁকে একাত্ম হতে দেখা গেছে।

এখন ইউটিউবে আলোচিত ২০১৫ সালের একটি ভিডিওতে অন্য কয়েকজন ব্যক্তির সঙ্গে সিন্টুলাকে বলতে শোনা যায়, লেভিসে তিনি একটি ‘সহিংসতাবিরোধী গ্রুপ’ প্রতিষ্ঠা করছেন। গ্রুপের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক স্বাভাবিক মানুষ সহিংসতাকে প্রত্যাখ্যান করে। আমাদের লক্ষ্য হলো, মানুষকে একত্র করা, শান্তি রক্ষা করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।’ সিন্টুলাকে আরও বলতে শোনা যায়, ‘বিশ্ব সহিংসতা ও অস্ত্রে ভরে গেছে। মানুষ উন্মত্ত হয়ে উঠছে বলে মনে হচ্ছে।’

এক বছর পর ২০১৬ সালে সিন্টুলাকে ‘স্লোভাক কন্সক্রিপ্ট’ নামের রুশপন্থী একটি আধা সামরিক সংস্থার সভায় দেখা যায়। সে সময় এক ফেসবুক পোস্টে তিনি ‘দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য’ গোষ্ঠীটির প্রশংসা করেন।

স্লোভাক রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য সিন্টুলার লেখায় কখনো কখনো অভিবাসীবিরোধী বক্তব্য দেখা গেছে। স্লোভাকিয়ার সংবাদমাধ্যম ‘পোস্টোজ’-এর এক বিশ্লেষণে বলা হয়, অন্তত একটি লেখায় স্লোভাকিয়ায় বসবাসরত রোমানি সম্প্রদায়ের বিষয়ে তাঁর বৈরী মনোভাব প্রকাশিত হয়েছে। এই সম্প্রদায়ের বিরোধিতা স্লোভাকিয়ার অতি ডানপন্থী দলগুলোর কাছে জনপ্রিয় আলোচ্য বিষয়।

ফৌজদারি অপরাধবিষয়ক আইনের সংশোধনে ফিৎসো সরকারের প্রস্তাবের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক বিক্ষোভে সিন্টুলাকে অংশ নিতে দেখা গেছে। এ সংশোধনীতে দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়। কয়েক মাস ধরে জনপ্রিয় ফিৎসো সরকারের বিরুদ্ধে স্লোভাকিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তাঁদের আশঙ্কা এই সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবে।

গত কয়েক বছরে স্লোভাকিয়ার রাজনৈতিক পরিমণ্ডল ইউরোপীয় ইউনিয়নপন্থী এবং ফিৎসো নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনের পর এ বিভক্তি আরও তীব্র হয়েছে। সমালোচকেরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ফিৎসো ও তাঁর সমর্থকেরা ভুয়া তথ্য এবং প্রতিপক্ষকে আক্রমণ করে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছেন।

গুলিবিদ্ধ হওয়ার পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোকে উদ্ধার করে দ্রুত এই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়
ফাইল ছবি: রয়টার্স

সিন্টুলার হামলার কারণ নিয়ে এসব সাংঘর্ষিক নানা খবর বৃহস্পতিবার প্রকাশিত হতে থাকে। তাতে কেন এ হামলা হয়েছে, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে।
সিন্টুলার আরেক প্রতিবেশী মার্টিন বলেন, অবশ্যই, এই মুহূর্তে সবাই এটা নিয়েই কথা বলছেন। এমন কিছু আগে কখনো এখানে ঘটেনি। সিন্টুলার অ্যাপার্টমেন্টের অদূরে বসবাসকারী মার্টিন তাঁর নামের শেষ অংশ প্রকাশ করতে রাজি হননি। তিনি মাঝেমধ্যে সিন্টুলাকে হাঁটতে দেখেছেন। তবে তাঁর সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল না।

মার্টিন বলেন, ‘কেউ কেউ বলছেন, তিনি কিছুটা রুশপন্থী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। কেউ কেউ তাঁকে বামপন্থী সন্ত্রাসী বলছেন। আবার অনেকে (বুধবারের ঘটনার জন্য) বিরোধীদের দায়ী করছেন। তাই এটা নির্ভর করছে, আপনি কার কাছে জানতে চাচ্ছেন এবং তিনি কোন পক্ষে মত দিচ্ছেন।’ স্লোভাকিয়ার বেশির ভাগ অঞ্চলের মতো লেভিস শহরেও রাজনৈতিক বিভক্তি প্রকট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্টিন আরও বলেন, ‘গুলির ঘটনাটি অবশ্যই মর্মান্তিক। স্লোভাকিয়ার প্রত্যেক নাগরিকের এ ঘটনার নিন্দা জানানো উচিত। কিন্তু একই সঙ্গে আজ সমাজে যে ঘৃণার পরিবেশ বিরাজ করছে সেটার জন্য ফিৎসো ও তার পার্টিরও দায় আছে।’

প্রধানমন্ত্রী হত্যাচেষ্টার শিকার হওয়ার পর স্লোভাকিয়াজুড়ে যেভাবে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে, তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেশটির রাজনীতিবিদেরা সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা বৃহস্পতিবার রাজধানী ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিদ্বেষপূর্ণ যে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য আমরা দেখেছি, তা বন্ধ করতে হবে। গতকাল যা ঘটেছে, তা একজন ব্যক্তির কাজ। কিন্তু বিদ্বেষের যে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য আমরা সবাই দায়ী। তাই চলুন ঘৃণা ও পরস্পরকে অভিযুক্ত করার এ দুষ্টুচক্র থেকে বের হয়ে আসি।’

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত (এখনো শপথ নেননি) পিটার পেলেগ্রিনি, যিনি ফিৎসোর বন্ধু ও রাজনৈতিক মিত্র। তিনি বলেন, স্লোভাকিয়া অবশ্যই শান্তির পথে হাঁটবে। ঘৃণা দিয়ে ঘৃণার জবাব দেবে না।

কিন্তু  বুধবারের ঘটনা স্লোভাকিয়ায় বিভেদ আরও উসকে দেবে বলে মনে করেন লেভিস শহরের অনেক বাসিন্দা। ২২ বছর বয়সী জকানা ব্যা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি চাই আমার ধারণা মিথ্যা হোক। কিন্তু আমি মনে করি, এটাই গুলিবর্ষণের শেষ ঘটনা হবে না।’

আরও পড়ুন