ইসরায়েলের এক মন্ত্রীকে নিষিদ্ধ করল ফ্রান্স, ইইউকে একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সে প্রবেশে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। একই ধরনের ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ–নোয়েল বারো।

গত সপ্তাহের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (ত্রাণবাহী নৌবহর) অধিকারকর্মীদের উপহাস ও হেনস্তা করার একটি ভিডিও ফুটেজ আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। ভিডিওটি প্রকাশ করেছিলেন বেন–গভির। এরপর এই পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতীকযুক্ত একটি জাহাজে ইসরায়েলি সেনারা। পেছনে একটি পণ্যবাহী জাহাজ দেখা যাচ্ছে। আশদোদ, দক্ষিণ ইসরায়েল। ১৯ মে ২০২৬
ছবি: রয়টার্স

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ‘আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো।’ তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রী ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তাঁর নিন্দনীয় আচরণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন-গভির একটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছিলেন, যেখানে ইসরায়েলের আশদোদ বন্দরে ফ্লোটিলার অধিকারকর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। বেন-গভিরকে তাঁদের সামনে দাঁড়িয়ে উপহাস করতেও দেখা যায় ভিডিওতে।

গত সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোকে আটকে দেয় এবং প্রায় ৪৩০ জন আরোহীকে অবৈধভাবে তুলে নিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার কয়েক শ আরোহীকে ছেড়ে দেওয়া হয় এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়।

অধিকারকর্মীদের মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার এই ছবিগুলো দেখার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, স্পেনসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে। তারা এ ‘অগ্রহণযোগ্য’ আচরণ এবং মানবিক মর্যাদা লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ‘আমরা কোনোভাবেই ফরাসি নাগরিকের ওপর এভাবে হুমকি, ভয়ভীতি বা সহিংসতা বরদাশত করব না, বিশেষ করে তা যখন একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে ঘটে। আমি লক্ষ করেছি, ইসরায়েলের অনেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এই আচরণের নিন্দা জানিয়েছেন।’

বারো আরও বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাঁর (বেন-গভিরের) দীর্ঘদিনের উসকানিমূলক, বিদ্বেষী ও সহিংস বক্তব্য এবং কর্মকাণ্ডের ধারাবাহিকতাতেই এ ঘটনা ঘটেছে। আমার ইতালীয় সহকর্মীর মতো আমিও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো ১৪ মে তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে। এর আগে গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য তাদের আগের দুটি প্রচেষ্টা ইসরায়েল ব্যর্থ করে দেয় এবং আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদে অংশগ্রহণকারীদের আটক করে।

আরও পড়ুন