গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোয় যুক্তরাজ্যের দূতাবাস থেকে বের হচ্ছে রাষ্ট্রদূতের গাড়ি। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর তোলাছবি: রয়টার্স

অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের একজন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) জানিয়েছে, ওই কূটনীতিক এমন সব গোয়েন্দা তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

মস্কোয় যুক্তরাজ্য দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি আলবার্তাস গেরহার্ডাস জেনস ভ্যান রেনসবার্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাশিয়ার নাগরিকদের ওই দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করে দিয়েছে মস্কো।

এ পদক্ষেপকে ‘ভীতি প্রদর্শন’ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অভিযোগকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং ‘ভিত্তিহীন’ বলেছেন।

চলমান ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো অভিযোগ করেছে, রাশিয়ার অভ্যন্তরে বিবাদ সৃষ্টির জন্য স্নায়ুযুদ্ধের সময়ের মতো করে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে যুক্তরাজ্য।

অন্যদিকে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করা যুক্তরাজ্য মনে করে, রাশিয়া তাদের সামনে সবচেয়ে বড় হুমকি। পশ্চিমা বিশ্বে সাইবার হামলা, হত্যাকাণ্ড ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর জন্য রুশ গোয়েন্দাদের দায়ী করে আসছে লন্ডন।