মন্টেনেগ্রোতে বন্দুকধারীর গুলিতে মা, দুই সন্তানসহ নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারটি বন্দুকধারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত
ছবি: রয়টার্স

মন্টেনেগ্রোতে নির্বিচার গুলির ঘটনায় দুই শিশু, বন্দুকধারীসহ ১১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবারের এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে একজন প্রসিকিউটর এসব কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

মন্টেনেগ্রোর পুলিশ পরিচালক জোরান ব্রিডজানিন বলেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি শিকারের বন্দুক দিয়ে দুই সহোদরকে গুলি করে হত্যা করেন। একজনের বয়স ৮, অন্যজনের বয়স ১১ বছর। তাদের গুলিবিদ্ধ মা বিকেলে একটি হাসপাতালে মারা যান।

জোরান বলেন, পরিবারটি বন্দুকধারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত। কেন এই গুলির ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেননি তিনি। তবে তাঁর নামের আদ্যক্ষর ভি, বি বলে জানান এ কর্মকর্তা।

তিনজনকে গুলির পর বন্দুকধারী বাসা থেকে বের হয়ে যান এবং সাত পথচারীকে হত্যা করেন। গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন বলে জানান জোরান।

প্রসিকিউটর আন্দ্রিজানা নাসটিক বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা নয়টি লাশ দেখতে পাই। তাঁদের দুজন শিশু। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি, একজন নাগরিকের (বেসামরিক) হাতে বন্দুকধারী নিহত হন।’ এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, পুলিশ বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবাজোভিচ গতকাল সন্ধ্যা থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন। এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট মিলো জুকানোভিচ। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।