বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ, রাশিয়াকে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের নভোরোসিস্কে ক্ষতিগ্রস্ত শস্য পরিবহনযন্ত্র। স্যাটেলাইটে তোলা ছবিটি ১২ আগস্টেরছবি: রয়টার্স

কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখতে রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন। প্রস্তাব অনুযায়ী, ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষই কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখবে।

ওই অঞ্চলে জাহাজ ও বন্দরে একের পর এক হামলার ঘটনায় বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পর কিয়েভ এ উদ্যোগ নিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তৃতীয় একটি পক্ষের মাধ্যমে রাশিয়ার কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। ইউক্রেন এখন রাশিয়ার জবাবের অপেক্ষায় আছে।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ দুই কৃষিপণ্য উৎপাদক ও রপ্তানিকারক। সম্প্রতি এমন পণ্য রপ্তানিতে ব্যবহৃত জাহাজে হামলা বেড়ে গেছে। আর এসব হামলার জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে।

ইউরোপে গমের দাম কমেছে

রাশিয়ার হামলার আশঙ্কায় জুলাইয়ের শেষ দিকে অনেক জাহাজমালিক ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসার বন্দরগুলোতে জাহাজ পাঠানো বন্ধ করে দেন। ওডেসায় রাশিয়ার হামলায় বেশ কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় মূলত তাঁরা এই পদক্ষেপ নেন। ফলে বিকল্প পথে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছে কিয়েভ।

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের নভোরোসিস্কে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী ট্যাংকার। স্যাটেলাইটে তোলা ছবিটি ১২ আগস্টের
ছবি: রয়টার্স

অন্যদিকে ইউক্রেনের হামলার পর গত বুধবার ও বৃহস্পতিবার কৃষ্ণসাগরের নভোরোসিস্ক বন্দরের তিনটি টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় রাশিয়া। ফলে রাশিয়ার শস্য রপ্তানিও আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ দুই কৃষিপণ্য উৎপাদক ও রপ্তানিকারক। সম্প্রতি এমন পণ্য রপ্তানিতে ব্যবহৃত জাহাজে হামলা বেড়ে গেছে। আর এসব হামলার জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে।

ইউক্রেনের প্রস্তাবের বিষয়ে ক্রেমলিন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছিলেন, কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির বিষয়ে মস্কোর কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে আলেকজান্ডার গ্রুশকো বলেন, সম্প্রতি বিভিন্ন ধরনের স্থগিতাদেশ ও যুদ্ধবিরতির আহ্বান শোনা যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে এসব ধারণা সামনে আনা হলেও রাশিয়া আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি। ইউক্রেনের প্রস্তাবের খবর প্রকাশের পর বৃহস্পতিবার ইউরোপের বাজারে গমের দাম কিছুটা কমে। এর আগে দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

ইউক্রেনের শস্য রপ্তানিতে ধস

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর থেকেই ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বন্দর ও সমুদ্রপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হলে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিও হয়। এর আওতায় ইউক্রেনের কৃষিপণ্য কৃষ্ণসাগর দিয়ে রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল, তবে ২০২৩ সালে রাশিয়া ওই চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে অস্বীকৃতি জানায়।

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের নভোরোসিস্কে ক্ষতিগ্রস্ত একটি টহল জাহাজ। স্যাটেলাইটে তোলা ছবিটি ১২ আগস্টের
।ছবি: রয়টার্স

এরপর ইউক্রেন নিজস্ব উদ্যোগে আরেকটি সমুদ্রপথ চালু করে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির আগপর্যন্ত ওই পথ সচল ছিল। বিকল্প হিসেবে রেলপথ ও দানিউব নদীপথ ব্যবহার করলেও সেগুলোর সক্ষমতা খুবই সীমিত বলে জানিয়েছে কিয়েভ। আজ রোববার তুরস্কও কৃষ্ণসাগরে জাহাজ ও বন্দরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে। দেশটি রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষকেই কৃষ্ণসাগরে হামলা বন্ধে একটি স্থগিতাদেশ ঘোষণার আহ্বান জানায়।

কৃষ্ণসাগরে ইউক্রেনের চালকবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে লক্ষ্যবস্তুতে হামলার দৃশ্য। ১৭ জুলাই প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
ছবি: রয়টার্স

এদিকে কৃষ্ণসাগরের বন্দরগুলোর কার্যক্রম কার্যত বাধাগ্রস্ত হওয়ায় আগস্টের প্রথম ভাগে ইউক্রেনের শস্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭৬ শতাংশ কমেছে। দেশটির কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে বলেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন