রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের জন্য হিতে বিপরীত হয়েছে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব। তবে এই নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যে ইউরোপে জ্বালানিসংকট দেখা দিয়েছে, দামও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় হিতে বিপরীত হয়েছে। ইইউর এই সিদ্ধান্তের কারণে জ্বালানির দাম বেড়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশটির পার্লামেন্টে কথা বলেছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এ সময় তিনি বলেন, সংকটের কারণে ইউরোপে বিভিন্ন দেশে সরকার পতনে অবাক হওয়ার মতো কিছু নেই। মূলত রোববার ইতালিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি।

মূল্যস্ফীতিসহ নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে গত জুলাইয়ে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির পদত্যাগের পর এ নির্বাচনের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন অভিযোগে জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে বরিস জনসনকে।

পার্লামেন্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে। এ জন্য হাঙ্গেরিকে প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। লাখো মানুষ তার আবাস ছাড়তে বাধ্য হয়েছে।

ইউক্রেনে সাত মাস ধরে চলছে রাশিয়ার অভিযান। এই যুদ্ধ ও রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার জেরে সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির বড় ধাক্কা এসেছে ইউরোপের দেশগুলোতেও। কারণ, ইউরোপের অনেক দেশের রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের ওপর বড় নির্ভরশীলতা রয়েছে।