ফ্রান্সে শিশুদের ওপর হামলাকারী সেই ব্যক্তি সিরিয়ার নাগরিক
আল্পস পবর্তমালাঘেঁষা ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরি নিয়ে শিশুদের ওপর হামলা চালানো সেই ব্যক্তি সিরিয়ার নাগরিক। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ওই হামলায় চার শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক মানুষ আহত হয়েছেন। শিশুদের মধ্যে একটি শিশু যুক্তরাজ্যের ও একটি জার্মানির। শিশুদের বয়স ২২ মাস থেকে ৩ বছরের মধ্যে।
এলিজাবেথ বর্নি বলেন, ৩১ বছর বয়সী এই সিরিয়ান নাগরিক ১০ বছর আগে সুইডেনে শরণার্থীর মর্যাদা পান। এখন তিনি ফ্রান্সে বৈধভাবেই আছেন। সুইডেনে বৈধ শরণার্থী হওয়ার পরও এই ব্যক্তি ফ্রান্সে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন। তিনি তাঁর আশ্রয় চেয়ে করা আবেদনে লিখেছেন তিনি সিরিয়ান খ্রিষ্টান।
সংবাদ সম্মেলনে এলিজাবেথ বর্নি বলেন, এই ব্যক্তির এক সন্তান রয়েছে। আজ যে বয়সী শিশুদের ওপর হামলা হয়েছে, তাঁর সন্তানও একই বয়সী। এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ বা মানসিক সমস্যার রেকর্ড নেই।
সংবাদ সম্মেলনে এলিজাবেথ বর্নির পাশে ছিলেন অ্যানেসি শহরের সরকারি কৌঁসুলি লাইন বনেত–ম্যাথিস। তিনি সাংবাদিকদের বলেন, এই হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্যের কোনো ‘প্রমাণ নেই’।
পুলিশ জানায় ওই ব্যক্তি সম্প্রতি ফ্রান্সে এসেছেন।
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির ধারণ করা ভিডিওর বরাত দিয়ে এএফপি জানায়, হামলার সময় ওই ব্যক্তি ‘যিশুখ্রিষ্টের নাম’ বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়েন। তাঁর পরনে ছিল কালো পোশাক। হাতে ছিল ৪ ইঞ্চি লম্বা ছুরি।
নিরাপত্তা সূত্রগুলো ও হামলাকারী ব্যক্তির সাবেক স্ত্রী জানান, সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর (হামলাকারী)। গত এপ্রিলে সুইডেনে তিনি শরণার্থী মর্যাদা পান।
হামলাকারীর সাবেক স্ত্রী নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, চার মাস আগে তাঁকে শেষ ফোন করেছিলেন তাঁর সাবেক স্বামী। তখন হামলাকারী ব্যক্তি গির্জায় থাকতেন। সুইডেনের নাগরিকত্ব না পেয়ে তিনি সুইডেন ছেড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি লেক অ্যানেসির তীরে অবস্থিত সেই পার্কে মধ্যে ঢুকে দৌড়ে লোকজনের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। সশস্ত্র পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনার সময় পার্কে দৌড়াচ্ছিলেন সাবেক পেশাদার ফুটবলার অ্যান্থনি লে তালেক। তিনি স্থানীয় একটি পত্রিকাকে বলেন, ‘হামলাকারী সবাইকে আঘাত করতে চাইছিল। আমি দৌড়ে চলে যাই। হামলাকারী তখন একজন বৃদ্ধের ওপর চড়াও হয়।’