ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বোর্দোতে শ্রমিক ইউনিয়নের মিছিলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা
ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের শ্রমিক-কর্মচারীদের ইউনিয়নগুলোর গণধর্মঘট ও বিক্ষোভে আন্তনগর ও কমিউটার ট্রেন সেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

ফ্রান্সে পেনশনসংক্রান্ত নতুন একটি বিল পার্লামেন্টে তোলার অপেক্ষায় রয়েছে। তাতে সরকারি কর্মীদের অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার প্রস্তাব করা হয়েছে। এর বিরুদ্ধে আজ বিক্ষোভ চলাকালে অনেক স্কুল ও সরকারি সেবা বন্ধ ছিল। প্যারিসের অরলি বিমানবন্দরে প্রতি পাঁচটি ফ্লাইটের একটি বাতিল করা হয়েছে। প্যারিস মেট্রোতে শুধু চালকবিহীন দুটি লাইনে স্বাভাবিকভাবে কার্যক্রম চলেছে।

প্যারিসসহ অন্যান্য শহরে বড় ধরনের এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্নে প্রস্তাবিত রূপরেখায় বলা হয়, পুরোপুরি পেনশন পাওয়ার যোগ্য হতে হলে কর্মীদের ৪৩ বছর কাজ করতে হবে। বর্তমানে যা ৪২ বছর।

আন্তর্জাতিক জরিপ ও বাজার গবেষণা সংস্থা আইএফওপি এ নিয়ে চলতি সপ্তাহে একটি জরিপ চালায়। সেখানে বলা হয়, ফ্রান্সের শেয়ার-আউট পেনশন ব্যবস্থাকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে সরকারের সংস্কারটি জনগণের মধ্যে বেশ অজনপ্রিয় হয়েছে। ৬৮ শতাংশ মানুষ এর বিরোধিতা করেছেন।

তথাকথিত ‘সংস্কারপন্থী’ ইউনিয়নগুলোসহ সব দেশের ইউনিয়ন এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে (জাতীয় পরিষদ) বামপন্থী ও অতি ডানপন্থীরাও এর বিরোধিতা করেছেন। কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়ান রাসেল গত মঙ্গলবার বলেছিলেন, বৃহস্পতিবার (আজ) প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দেয়াল কেঁপে উঠবে।

কারণ অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর রেনেসাঁ পার্টির সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই প্রেসিডেন্টকে প্রস্তাব পাস করাতে হলে রক্ষণশীল রিপাবলিকান পার্টির ৬০ বা তারও বেশি সংসদ সদস্যের সমর্থন পেতে হবে। যদিও নীতিগতভাবে তাঁরা পেনশন সংস্কারের পক্ষে, কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ এর বিপক্ষে ভোট দিতে পারেন বলে সতর্ক করেছেন।

এই বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে এমানুয়েল মাখোঁ বিরোধীদের প্রচারণার মুখোমুখি হতে পারেন। সরকারের জন্য সবচেয়ে খারাপ পরিণতি হতে পারে পরিবহন, হাসপাতাল ও জ্বালানি ডিপোতে ধর্মঘট হলে তা দেশকে অচল করে দেবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা একমত যে জনগণের মেজাজ-মর্জি কী, তা এই মুহূর্তে বোঝা কঠিন। এই আন্দোলন প্রেসিডেন্টকে পিছু হটতে বাধ্য করার জন্য যথেষ্ট হবে কি না, তা অনুমান করা অসম্ভব। যদি এটি হয়, তবে তা তাঁর দ্বিতীয় মেয়াদে গুরুতর কোনো সংস্কারের ইতি টেনে দেবে।