পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ছুড়লে ব্যবস্থা, রুশ সেনাদের হুঁশিয়ারি জেলেনস্কির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে পাহারায় এক রুশ সেনা
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবরুদ্ধ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যদি কোনো রুশ সেনা গুলি ছোড়েন, তবে তাঁকে ইউক্রেনীয় বাহিনীর বিশেষ লক্ষ্যবস্তু করা হবে। ইউক্রেনের কিয়েভ থেকে শনিবার রাতে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। খবর বিবিসির।

গত মার্চে ব্যাপক লড়াইয়ের পর রাশিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দখল নেয়। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনীয় শহর নিকোপলে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ একটি এলাকায় এর অবস্থান। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে গেলেও ইউক্রেনীয় প্রযুক্তিবিদেরা এখনো এটি পরিচালনা করছেন।

জেলেনস্কির অভিযোগ, মস্কো বিদ্যুৎকেন্দ্রটিকে একটি রুশ সেনাঘাঁটিতে পরিণত করেছে এবং এটিকে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ হিসেবে ব্যবহার করছে। গতকাল শনিবারের ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘যে রুশ সেনা কর্মকর্তাই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে গুলি ছুড়বে কিংবা পারমাণবিক কেন্দ্রে লুকিয়ে থেকে সেখান থেকে গুলি করবে, তাকে অবশ্যই আমাদের গোয়েন্দা বাহিনী, বিশেষ বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে গোলা হামলা হয়েছে। এর জন্য মস্কো ও কিয়েভ একে অপরকে দায়ী করেছে। জেলেনস্কি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ছোড়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে উসকানি দিয়ে যাচ্ছে রাশিয়া। এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে রুশ বাহিনী নিকোপল এবং পার্শ্ববর্তী শহর মারগানেৎসে গোলা হামলা চালাতে পারে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া বিদ্যুৎকেন্দ্রটির দখল নেওয়ায় প্রতিদিনই ইউরোপের জন্য বিকিরণের হুমকি বাড়ছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই কেন্দ্রে অবস্থানকারী ইউক্রেনীয় কর্মীদের অনেককে সশস্ত্র রুশ সেনারা পাহারা দিয়ে রেখেছেন।

বৃহস্পতিবার জি সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ওই এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) এক বিবৃতিতেও পারমাণবিক নিরাপত্তা বিপন্নকারী সব সামরিক কর্মকাণ্ড অবসানের আহ্বান জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে পরিস্থিতি চলছে, তা বিপর্যয় তৈরি করতে পারে। তবে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অপতৎপরতা চালানোর কথা অস্বীকার করে আসছে রাশিয়া।