পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতান্ত্রিক নেতা সেগুরোর ভূমিধস বিজয়
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা (রান-অফ) ভোটে কট্টর ডানপন্থী আন্দ্রে ভেনচুরাকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক নেতা আন্তোনিও হোসে সেগুরো। বুথফেরত জরিপ ও আংশিক ফলাফল অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
গতকাল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে কয়েক দিনের টানা ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে এসেছিলেন ভোটাররা। গত ১৮ জানুয়ারি প্রথম দফার ভোটের মতো এবারও উপস্থিতির হার ছিল সন্তোষজনক। যদিও বন্যার কারণে দক্ষিণ ও মধ্য পর্তুগালের তিনটি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশে মাত্র দশমিক ৩ শতাংশ ভোটার প্রভাবিত হওয়ায় তা সামগ্রিক ফলাফলে কোনো পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে।
প্রায় ৭০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ৬৩ বছর বয়সী সেগুরো পেয়েছেন ৬৪ শতাংশ ভোট। অন্যদিকে ৩৬ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন আন্দ্রে ভেনচুরা। পরাজয় নিশ্চিত হলেও বিপুল পরিমাণ ভোট পাওয়ার তাঁর দল ‘চেগা’ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।
দুটি পৃথক বুথফেরত জরিপে আগেই সেগুরোর জয়ের আভাস পাওয়া গিয়েছিল। সেখানে বলা হয়েছিল, তিনি ৬৭ থেকে ৭৩ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদিকে ভেনচুরার ঝুলিতে যেতে পারে ২৭ থেকে ৩৩ শতাংশ ভোট। গত বছরের নির্বাচনে উদার ডানপন্থী ক্ষমতাসীন জোটের কাছে হারলেও সমাজতান্ত্রিকদের টপকে পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হয়েছিল ভেনচুরার দল।