হাজার বছরের পুরোনো মুদ্রার খোঁজ
ডেনমার্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ভাইকিং দুর্গের কাছে ৩০০ রৌপ্যমুদ্রা পাওয়া গেছে। দেশটির একটি জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, যেসব মুদ্রা আবিষ্কৃত হয়েছে, সেগুলো হাজার বছরের বেশি পুরোনো।
গত শরতে এক তরুণী দুর্গের পাশের এক শস্যক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করে এসব মুদ্রার খোঁজ পান। ডেনমার্কের নর্থ জুটল্যান্ড মিউজিয়ামের পরিচালক লার্স ক্রিস্টিয়ান নরব্যাক বলেন, এ ধরনের রত্নভান্ডার খুঁজে পাওয়ার ঘটনা বিরল। শিগগিরই জাদুঘরে মুদ্রাগুলো প্রদর্শন করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, রৌপ্যমুদ্রাগুলো হোব্রো শহরের কাছে অবস্থিত ফায়ারকাট ভাইকিং রিংফোট থেকে পাঁচ কিলোমিটার দূরের এক শস্যক্ষেত্রে খুঁজে পান এক তরুণী। মুদ্রায় খোদাই করা তথ্য অনুযায়ী, এগুলো ৯৮০ খ্রিষ্টাব্দের।
প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, যে গুপ্তধন পাওয়া গেছে, তার মধ্যে ডেনমার্ক, আরব ও জার্মানির মুদ্রাও রয়েছে। এর পাশাপাশি স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডের বিভিন্ন গয়নাও পাওয়া গেছে। নরব্যাক বলেন, যেসব মুদ্রা পাওয়া গেছে, সেগুলো মূলত ওই দুর্গ তৈরির সময়কালের। দুর্গটি তৈরি করেছিলেন রাজা হারাল্ড ব্লুটুথ। এসব মুদ্রা থেকে ভাইকিংস যুগ সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ হবে। এই মুদ্রার সঙ্গে ওই সময়ের যোগসূত্র থাকতে পারে। বিশেষ করে ভাইকিংসদের লড়াইয়ের সময় এই মুদ্রা লুকিয়ে রাখা হতে পারে।
প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, মুদ্রা খুঁজে পাওয়ায় ওই অঞ্চলে নতুন করে খননকাজ করা হবে। সেখানে ওই মুদ্রার মালিকদের সমাধিস্থল খুঁজে পাওয়ার আশা করছেন তাঁরা। যে তরুণী ওই মুদ্রা খুঁজে পেয়েছেন, তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।