যখন গুলি করা হয়, তখন তিনি সিগারেট টানছিলেন
ইউক্রেনের এক যুদ্ধবন্দী সেনাকে হত্যা করেছেন রাশিয়ার সেনারা। নিরস্ত্র ওই ইউক্রেনীয় সেনাকে হত্যার একটি ভিডিও চিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই সেনার নাম টিমোফি মাইকোলাইয়োভিচ শাদুরা। তাঁকে হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সোমবার তিনি বলেন, ‘ঘাতক রুশ সেনাদের খুঁজে বের করব।’
ভিডিও চিত্রে দেখা যায়, ইউক্রেনীয় ওই সেনা একটি পরিখায় বসে সিগারেট খাচ্ছেন। এ সময় তাঁকে ‘ইউক্রেনের জয় হোক’ বলতে শোনা যায়। তিনি এমন স্লোগান দেওয়ার পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাঁকে গুলি করা হয়।
নিহত শাদুরা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৩০ ব্রিগেডের একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এক নারী দাবি করেছেন, নিহত ওই সেনা তাঁর ভাই। তিনি বলেন, ‘আমার ভাই অবশ্যই রুশদের প্রতিরোধ করতে সক্ষম। তিনি তাঁর জীবনে কখনোই সত্য লুকিয়ে রাখেননি এবং অবশ্যই শত্রুর সামনেও তিনি সত্য লুকিয়ে রাখবেন না।’
ভিডিও চিত্রে ইউক্রেনীয় সেনাকে যাঁদের গুলি করতে দেখা যায়, তাঁদের মধ্যে একজন রুশ সেনা বলে ধারণা করা হচ্ছে। ওই সেনাকে বলতে শোনা যায় ‘মরো’। যুদ্ধবন্দীকে গুলি করে হত্যার পর তাঁকে একটি বিস্ফোরক ব্যবহার করতে দেখা যায়। ভিডিওতে তাঁদের পরিষ্কারভাবে দেখা না যাওয়ায় হত্যাকারীদের পরিচয় জানা যায়নি।
তবে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার এটি সামাজিক মাধ্যমে দেখা যায়। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করলেও রাশিয়া বরাবরই তা অস্বীকার করে আসছে।
গতকাল ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘দখলদারেরা আমাদের একজন যোদ্ধাকে হত্যা করেছে, যিনি ঘাতকদের মুখের ওপর বলেছেন, “ইউক্রেনের জয় হোক”।’ তিনি বলেন, ‘তাঁর কথার জবাব দিতে আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। নায়ক, নায়কেরা এবং ইউক্রেনের জয় হোক।’