ইউক্রেন বাহিনীর হামলার মুখে খেরসন থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া
সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের খেরসন অঞ্চল দখলে নিতে প্রচণ্ড হামলা চালাচ্ছেন ইউক্রনীয় সেনারা। প্রতিদিনই চালানো হচ্ছে রকেট হামলা। এমন পরিস্থিতিতে খেরসন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন অঞ্চলটিতে মস্কোর নিয়োগ করা নেতা ভ্লাদিমির সালদো। খবর বিবিসির।
ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার খেরসনের বাসিন্দাদের ‘নিজেদের রক্ষায়’ রাশিয়ায় গিয়ে ‘অবকাশযাপন ও পড়ালেখা’ করার আহ্বান জানান। এ কাজে মস্কোর সহায়তাও চান তিনি। পরে রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে একই কথা বলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।
খুসনুলিন বলেন, ‘খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে সরবরাহ করব আমরা।’
ভ্লাদিমির সালদো বলেন, খেরসন, নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর প্রতিদিন ইউক্রেনের রকেট হামলার শিকার হচ্ছে। এতে এসব শহরের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাশিয়া নিজেদের জনগণকে ত্যাগ করবে না।’
তবে খেরসনের বাসিন্দাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে—রাশিয়ার এমন দাবিকে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। সম্প্রতি দেশটির সেনারা খেরসনের উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তাঁরা এখন অঞ্চলটির রাজধানীর দিকে এগোচ্ছেন।