জার্মানির অর্থনীতিতে ফিরছে আশার আলো

ইউরোপীয় কমিশন জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির অর্থনীতিতে আবারও আশার আলো দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে দেশটির অর্থনীতির জন্য দুটি ইতিবাচক খবর এসেছে। এতে শুধু শিল্প ও ব্যবসায়ী মহলই নয়, রাজনীতিবিদদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

প্রথমত, ইউরোপীয় কমিশন জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও কমিশনের ধারণা, আগে যে প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল, নতুন পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তার দ্বিগুণের বেশি।

জার্মানির ডের স্পিগেল পত্রিকাটি জানিয়েছে, এর প্রধান কারণ, বছরের শুরুতে জার্মানির রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী বছর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসারও জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গতি সঞ্চার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয়ত, জার্মানির নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান বা স্টার্টআপগুলো আগের বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যাটমিকো এ তথ্য জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এসব স্টার্টআপ মোট ১২ দশমিক ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ পেয়েছে। এর বড় অংশ এসেছে বড় অঙ্কের কয়েকটি বিনিয়োগ চুক্তি থেকে। এর মধ্যে রয়েছে রোবট প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নিউরা রোবোটিকস এবং ড্রোন প্রস্তুতকারক কোয়ান্টাম সিস্টেমসের বিনিয়োগ সংগ্রহের উদ্যোগ।

তবে সবাই নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন না। অনেকের মতে, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে ছুটতে গিয়ে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি হচ্ছে। তাঁদের ধারণা, প্রবৃদ্ধির এই প্রতিযোগিতা কমানো গেলে পৃথিবী ও পরিবেশের জন্য তা আরও ভালো হতে পারে। কারণ, অর্থনীতির লাগামহীন সম্প্রসারণ একসময় প্রকৃতির ভারসাম্য ও পরিবেশের ওপর অসহনীয় চাপ সৃষ্টি করতে পারে।

তবে জার্মানির রাজনৈতিক অঙ্গনে যখন প্রায়ই অর্থনীতির দুরবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তিদায়ক খবর। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান বজায় রাখতে এবং সমাজে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান পরিস্থিতিতে জার্মানির জন্য এ দুটি বিষয়ই অত্যন্ত প্রয়োজনীয়।

ইউরোপীয় কমিশনের নতুন অর্থনৈতিক পূর্বাভাস এবং জার্মানির স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর সাফল্য সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। ইউরোপীয় কমিশনের পূর্বাভাস অনুযায়ী, জার্মানির অর্থনীতি বসন্তকালে দেওয়া পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে। তবে এই পুনরুদ্ধারের পেছনে সরকারি ব্যয়ের ভূমিকা বেশি। অন্যদিকে উৎপাদন ব্যয় ও প্রতিযোগিতার চাপের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান এখনো সংকটে রয়েছে এবং শিল্প খাতে কর্মসংস্থান কমছে।

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে জার্মানিতেই কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে। ইউরোপীয় কমিশনের আশঙ্কা, আগামী দিনেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে; অর্থাৎ জার্মানির অর্থনীতি আপাতত মন্দার আশঙ্কা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও এই পুনরুদ্ধার এখনো শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়। সরকারি ব্যয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, বেসরকারি বিনিয়োগের দুর্বলতা, উচ্চ জ্বালানিমূল্য এবং শিল্প খাতে কর্মসংস্থান হ্রাস—সব মিলিয়ে দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

বছরের প্রথম ছয় মাসে ভালো প্রবৃদ্ধির পর গ্রীষ্মকালেও জার্মানির অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত রয়েছে। অথচ অনেক অর্থনীতিবিদ এ সময়ে অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হবে না বলে ধারণা করেছিলেন। তবে সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যয় ও ভোগ এখনো প্রত্যাশার তুলনায় কম। গ্রীষ্মকালে জার্মানির অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি হয়েছে। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি (GDP) জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এক প্রাথমিক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। এর আগে অধিকাংশ অর্থনীতিবিদ প্রবৃদ্ধি না হওয়ার আশঙ্কা করেছিলেন। কেউ কেউ সর্বোচ্চ শূন্য দশমিক ১ শতাংশ সামান্য প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।