হান্টাভাইরাস সংক্রমিত প্রমোদতরি থেকে স্পেনের যাত্রীদের নামানো শুরু

হান্টাভাইরাসে আক্রান্ত ‘এমভি হোন্ডিয়াস’ নামের প্রমোদতরি থেকে যাত্রীদের নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে। জাহাজ থেকে নামার পর তাঁদের তেনেরিফের গ্রানাদিয়া দে আবোনার বন্দরে নেওয়া হচ্ছে। কানারি দ্বীপপুঞ্জ, স্পেন; ১০ মে ২০২৬ছবি: রয়টার্স

হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া একটি প্রমোদতরি থেকে নিজ দেশের নাগরিকদের তীরে নামানো শুরু করেছে স্পেন। রোববার আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত স্পেনের কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে নোঙর করা জাহাজটি থেকে তাঁদের নামানো শুরু হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের যাত্রীদের নামানোর কথা রয়েছে।

স্পেনের নাগরিকদের প্রথমে ছোট নৌকায় পাঁচজন করে তীরে আনা হয়। পরে তাঁদের বাসে করে স্থানীয় বিমানবন্দরে নেওয়া হয়।

সরকারি কর্মকর্তারা জানান, যেসব যাত্রীর মধ্যে এখনো ভাইরাসটির উপসর্গ দেখা যায়নি, তাঁদের স্পেনের সামরিক উড়োজাহাজে করে মাদ্রিদে নেওয়া হবে। এরপর কোয়ারেন্টিনে রাখতে হাসপাতালে পাঠানো হবে। কোয়ারেন্টিনে থাকাকালে তাঁরা যাতে সাধারণ মানুষের সংস্পর্শে আসতে না পারেন, সে বিষয়ে জোর দেওয়া হবে।

এমভি হোন্ডিয়াস নামের প্রমোদতরিটি গত বুধবার আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপভার্দের উপকূল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুরোধে যাত্রীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব নেয় স্পেন।

জাহাজে ইঁদুরের উপস্থিতি মেলেনি

বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ গত শনিবার জানায়, জাহাজে থাকা নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে তারা উড়োজাহাজ পাঠিয়েছে। তবে ক্যানারি দ্বীপপুঞ্জের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সব উড়োজাহাজ পৌঁছায়নি।

ডব্লিউএইচও গত শুক্রবার এক হালনাগাদ তথ্যে জানায়, অসুস্থ হয়ে পড়া আট ব্যক্তিকে প্রমোদতরি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি ও জার্মানির একজন নাগরিক রয়েছেন। আক্রান্ত আটজনের মধ্যে ছয়জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। বাকি দুজনের মধ্যে এখনো ভাইরাস শনাক্ত হয়নি। তবে সন্দেহভাজন রোগী হিসেবে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্রমোদতরি ‘এমভি হোন্ডিয়াসে’ মাস্ক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। গ্রানাদিয়া দে আবোনা বন্দর, তেনেরিফে, ১০ মে ২০২৬
ছবি: রয়টার্স

ইউরোপের জনস্বাস্থ্য সংস্থা শনিবার রাতে জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমভি হোন্ডিয়াস প্রমোদতরির সব যাত্রীকে উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে। তবে ভাইরাসটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো কম।
ডব্লিউএইচও জাহাজের যাত্রীদের জন্য রোববার থেকে ৪২ দিনের কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে।

হান্টাভাইরাস ছড়িয়ে পড়া ‘এমভি হোন্ডিয়াসে’ নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা কাজ করছেন। ১০ মে ২০২৬
ছবি: রয়টার্স

জাহাজটিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, প্রতিবছর আর্জেন্টিনা ও চিলি থেকে ৫০০টির বেশি প্রমোদতরি ইউরোপে আসে। এসব জাহাজে অনেক সময় এই ভাইরাসের উপস্থিতি থাকে। তবে এর আগে ইউরোপীয় ভূখণ্ডে এ ধরনের কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। তাই এই জাহাজের মাধ্যমে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।
হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। তবে বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটতে পারে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাহাজে ওঠা বিশেষজ্ঞদের তথ্যমতে, প্রমোদতরিটির স্বাস্থ্যবিধি ও পরিবেশগত পরিস্থিতি সন্তোষজনক। সেখানে ইঁদুরের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ফলে জাহাজে ইঁদুরের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা কম।

স্পেনের কর্মকর্তারা জানান, যাত্রীদের জন্য নির্ধারিত উদ্ধারকারী উড়োজাহাজ না পৌঁছানো পর্যন্ত কেউ জাহাজ ছাড়তে পারবেন না।

আরও পড়ুন

স্পেনের পর নেদারল্যান্ডসের যাত্রীদের জাহাজ থেকে নামানো হবে। নেদারল্যান্ডসের উড়োজাহাজে করে জার্মানি, বেলজিয়াম ও গ্রিসের যাত্রীদেরও সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া।

গার্সিয়া রোববার তেনেরিফের বন্দরে সাংবাদিকদের বলেন, এরপর তুরস্ক, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যাত্রীদের সরিয়ে নেওয়া হবে।

গার্সিয়া আরও জানান, যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য অভিযানের শেষ উড়োজাহাজটি আসবে অস্ট্রেলিয়া থেকে। এটি সবচেয়ে জটিল ফ্লাইট। সোমবার বিকেলের মধ্যে উড়োজাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। এই ফ্লাইটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এশিয়ার কয়েকটি দেশের ছয়জন যাত্রীকে নেওয়া হবে।

এমভি হোন্ডিয়াসের ৩০ জন নাবিকই জাহাজে থাকবেন। জাহাজটি নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে। সেখানে জাহাজটিকে জীবাণুমুক্ত করা হবে।