স্নুকার খেলায় দুই বছরের শিশুর জোড়া রেকর্ড

বিশ্ব রেকর্ডের স্বীকৃতি হাতে শিশু জুড ওউনসছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

সাধারণত দুই বছর বয়সী শিশুদের সময় কাটে খেলনা গাড়ি কিংবা কার্টুন দেখে। কিন্তু ইংল্যান্ডের ম্যানচেস্টারের শিশু জুড ওউনস যেন অন্য ধাতুতে গড়া। হাতে ফিডার বা চকলেটের বদলে সে তুলে নিয়েছে স্নুকার খেলার কিউ (লাঠি)। আর সেই কিউর জাদুতে মাত্র দুই বছর বয়সেই দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই খুদে স্নুকার তারকা।

গত ২৮ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দুটি ‘ট্রিক শট’ দেওয়ার রেকর্ডস এখন জুডের দখলে। পিপল ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, স্নুকার ও পুল খেলার কঠিন সব কৌশল সে অনায়াসেই রপ্ত করে ফেলেছে।

জুডের বাবা লুক ওউনস ছেলের জন্য একটি ছোট পুল টেবিল কিনেছিলেন। তিনি লক্ষ করেন, কিউ হাতে নেওয়ার পর থেকেই জুড খুব সাবলীলভাবে শট খেলছে। ছেলের খেলার ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। উচ্চতায় টেবিল পর্যন্ত না পৌঁছাতে পারায় শুরুতে বার স্টুল ব্যবহার করত জুড। পরে তার জন্য রান্নাঘরের একটি বিশেষ টুলের ব্যবস্থা করা হয়, যেটিতে দাঁড়িয়ে সে এখন একের পর এক নিখুঁত শট খেলছে।

জুড প্রথম রেকর্ডটি গড়েছিল ২০২৫ সালের ৩১ আগস্ট। সেদিন সে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্নুকারে ‘ডাবল পট’ (একই শটে দুটি বল পকেটস্থ করা) করার কৃতিত্ব দেখায়। এর ঠিক ৪১ দিন পর, ১২ অক্টোবর সে পুল টেবিলে ‘ব্যাংক শট’ (বলকে টেবিলের দেয়ালে ধাক্কা খাইয়ে পকেটে পাঠানো) দিয়ে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেয়।

জুডের বাবা লুক নিজে ১০ বছর বয়স থেকে স্নুকার খেলছেন। তবে তিনি অকপটে স্বীকার করেছেন, জুডের সহজাত প্রতিভা তাঁর চেয়েও অনেক বেশি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এত কম বয়সে জুডের প্রতিভা সত্যিই বিশেষ কিছু। গিনেস পরিবারে তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’