খেলায় হারের পর বেলজিয়ামে দাঙ্গা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাসেলসের সিটি সেন্টারের কাছে রাস্তায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ফুটবল–ভক্তরা
ছবি: রয়টার্স

বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যাওয়াকে কেন্দ্র করে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একজন। গতকাল রোববার তাঁদের আটক করা হয়। খবর রয়টার্সের

গতকাল মরক্কোর কাছে হারের পর ব্রাসেলসের বিভিন্ন এলাকার ফুটবল–ভক্তরা রাস্তায় নেমে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁদের কারও কারও গায়ে মরক্কোর পতাকা জড়ানো ছিল। একটি গাড়ি ও বিদ্যুৎ–চালিত স্কুটারে আগুন ধরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে দাঙ্গাবিরোধী পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলসে ভান দে কিরে বলেন, সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। উত্তেজনার এলাকাগুলোতে সতর্কতামূলক টহল চলছে।

পুলিশ বলছে, বিক্ষুব্ধ ভক্তরা পাইরোটেকনিক উপকরণ (আতশবাজিতে ব্যবহৃত উপকরণ), প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করেছেন এবং মহাসড়কে আগুন দিয়েছেন। আতশবাজি মুখে লেগে এক সাংবাদিকও আহত হয়েছেন। এসব কারণে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। ঘটনাস্থলে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ বলেন, ‘আজ দুপুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলেছি। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

কাতার বিশ্বকাপে গতকালের ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম।