নেতৃত্ব নিয়ে বই লিখছেন জেসিন্ডা আরডার্ন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন উদ্যোগের জন্য আলোচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। বিভিন্ন সময় তাঁর পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এবার নেতৃত্ব নিয়ে বই লেখার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার এই ঘোষণা দেন জেসিন্ডা। তিনি জানিয়েছেন, তাঁর এই বই বিশ্বজুড়ে প্রকাশিত হবে।
জেসিন্ডা আরডার্নের পুরো নাম জেসিন্ডা কেট লরেল আরডার্ন। ১৯৮০ সালের ২৬ জুলাই এই নারীর জন্ম নিউজিল্যান্ডের হ্যামিলটনে। নিউজিল্যান্ডের বে অব প্লেন্টি অঞ্চলের মুরুপারা নামের একটি ছোট্ট শহরে তাঁর শৈশব কেটেছে। সেখানে দরিদ্র মানুষের সংখ্যাও ছিল বেশি। সেখানকার দারিদ্র্য দেখেই পরবর্তী সময়ে রাজনীতিতে এসেছিলেন তিনি।
১৯৯৯ সালে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অব ওয়াইকাতোয়। ২০০১ সালে তিনি সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন কমিউনিকেশন স্টাডিজে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ১৭ বছর বয়সে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এরপর ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর।
বই লেখার ঘোষণা দিয়ে জেসিন্ডা আরডার্ন এটা পরিষ্কার করে দিয়েছেন যে তাঁর ক্ষমতার আমলে কী কী হয়েছিল, সেসব ঘটনা খুব বেশি থাকবে না বইতে। নিজে কীভাবে নেতা হয়ে উঠবেন, তা নিয়েই বই লিখবেন তিনি।
নিজে ১৪ বছর বয়সে কেমন ছিলেন, তা থেকে অনুপ্রাণিত হয়ে এই বই লেখার ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন।
তবে বইটি কবে পাঠকের কাছে পৌঁছাবে, তা এখনো জানা যায়নি। তিনিও তারিখটি নিশ্চিত করেননি। যদিও এই বই কারা প্রকাশ করবে, সেটা ইতিমধ্যেই ঠিক হয়েছে। বলা হয়েছে, প্রকাশনা সংস্থা পেঙ্গুইন বইটি প্রকাশ করবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে একযোগ প্রকাশিত হবে বইটি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল জেসিন্ডাকে। তাঁর আমলেই ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৫১ জন নিহত ও ৪০ জন আহত হন। সে সময় সেই ঘটনা সামাল দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন তিনি। তবে জনপ্রিয়তা কমতে শুরু করলে গত জানুয়ারিতে হঠাৎ করেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।