সমুদ্রে শিশুকে বাঁচাতে গিয়ে ব্রিটিশ-বাংলাদেশি মা ও কিশোরী কন্যার মৃত্যু
যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রের পানিতে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি মা ও তাঁর ১৫ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এসেক্স পুলিশ জানিয়েছে, গতকাল ২৩ জুলাই বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্ক–সংলগ্ন এলাকায় একাধিক ব্যক্তি পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এক কিশোরী ও চল্লিশোর্ধ্ব এক নারীকে মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নারীর নাম সেলিনা রহমান। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। সেলিনা যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা। তিনি যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। নিহত কিশোরী তাদের ১৫ বছর বয়সী মেয়ে। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান। শোকাহত বিএনপি নেতা মুজিবুর রহমান প্রথম আলোকে তাঁর মেয়ে ও নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর ছোট মেয়ের সাত বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর ৪০ বছর বয়সী মেয়ে এবং ১৫ বছর বয়সী নাতনি প্রাণ হারায়। শিশুটি বর্তমানে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়ারের স্রোতে পরিবারের সাত বছর বয়সী একটি শিশু ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে মা ও মেয়ে পানিতে নামেন। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তাঁরা দুজনই সাগরের প্রবল স্রোতে তলিয়ে যান। তবে এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যাল পিচার বলেছেন, নিহতদের পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। তিনি জানান, ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন বা কারও কাছে এ ঘটনার ছবি কিংবা ভিডিও থাকলে তদন্তের স্বার্থে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পুলিশের ধারণা, ঘটনায় জড়িত সবাই পরস্পরের পরিচিত ছিলেন।
উদ্ধার অভিযানে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের ওয়েস্ট মার্সি ইনশোর লাইফবোট এবং ক্ল্যাকটন-অন-সি কেন্দ্রের দুটি লাইফবোট অংশ নেয়। পাশাপাশি হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম, ক্রিটিক্যাল কেয়ার প্যারামেডিক এবং দুটি এয়ার অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়।
ঘটনার পর পুলিশ সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সৈকত এলাকা সাময়িকভাবে এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানায়। কোস্টগার্ড উদ্ধারকারী দল এ ঘটনাকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে।
চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে খোলা জলাশয় ও সমুদ্রের পানিতে ডুবে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। গত মে মাসের তাপপ্রবাহের সময়ও খোলা পানিতে সাঁতার কাটতে গিয়ে অন্তত ১৫ জন, যাদের বেশির ভাগই শিশু, প্রাণ হারিয়েছিল। বর্তমানে ওয়েস্ট মার্সির এ মর্মান্তিক ঘটনাটি নিয়েও এসেক্স পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।