জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন
আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় মুখোশধারী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আর বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়।
বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে। আর ‘সিসি ওও’ শ্রমিক সংগঠনের উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল উল্লেখযোগ্য।
গতকাল সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তাদের হাতে ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল। শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষের কয়েকটি ঘটনা ঘটে।
ময়লা ফেলার বিনগুলোয় আগুন ধরিয়ে দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা গেছে।
বিবিসি বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, বিক্ষোভ বেশির ভাগ সময় ছিল শান্তিপূর্ণ ও ‘উৎসবমুখর’। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।’
সন্ধ্যায় ওই নারী বিক্ষোভকারী লাস রামব্লাস এলাকায় ছিলেন। তখন রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। এই নারী বলেন, ‘চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।’
গতকাল দিনের শুরুতেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।
মাদ্রিদে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দিয়েছি।’ সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি। এই বিক্ষোভকারী বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করেও লোকজন রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।’
৩৭ বছর বয়সী আরেক বিক্ষোভকারী ও শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন কারণ, ‘আবাসন পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। মজুরির তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহন করা সম্ভব নয়’।
সাশ্রয়ী আবাসনের অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের (প্রায় ৫৩৮ বর্গফুট) একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।
অর্থাৎ ফ্ল্যাটের ভাড়া গড় বেতনের প্রায় অর্ধেক। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, বাড়িভাড়া আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।
সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আবাসন সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার পর গত মাসে তিনি আগাম নির্বাচনের ডাক দেন।
বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২০১২ সালের পর স্পেনে আর কোনো সাধারণ ধর্মঘট হয়নি। সে বছর রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের আমলে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল।
আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালেও এবারের ধর্মঘট ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।’ আগের ধর্মঘটগুলোয় অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করে তিনি এ কথা লেখেন।