ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশী আটক

প্রতিবছরই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন এশিয়া–আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরাফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টাকালে বাংলাদেশসহ তিনটি দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। গতকাল বুধবার উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানায়।

সীমান্ত পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, আটক অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশ বাংলাদেশি নাগরিক। প্রথম অভিযানে একটি দল থেকে মোট ৬৩ জনকে আটক করে পুলিশ। এই দলে ২৩ জন বাংলাদেশি এবং ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।

একই এলাকা থেকে চালানো দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করে পুলিশ। এই দ্বিতীয় দলটিতেও বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকেরা রয়েছেন। তবে এই দলে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা পুলিশ সুনির্দিষ্টভাবে জানায়নি।

পুলিশ জানায়, সীমান্তবর্তী সাভা নদী পার হওয়ার জন্য অভিবাসনপ্রত্যাশীরা দুটি নৌকা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সেই নৌকা দুটি জব্দ করেছে। এই পাচারচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে দুই মানব পাচারকারীকে শনাক্ত করেছে পুলিশ।

ইউরোপে ঢোকার জন্য অবৈধ অভিবাসীরা নিয়মিত বলকান পথ ব্যবহার করেন। বসনিয়া এই বলকান পথের ওপর অবস্থিত হওয়ায় তারা একে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্ট্যাক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে এই বলকান পথ দিয়ে ৪ হাজার ৯০০-এর বেশি অবৈধ সীমান্ত পারাপার নিবন্ধিত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার অবৈধ পারাপার ২৬ শতাংশ কমেছে।