রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়া কমে গেল কেন

ইতালির রোমের ঐতিহাসিক ট্রেভি ফোয়ারাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। অনেকের বিশ্বাস, ঝরনায় পেছন ফিরে ডান হাতে কয়েন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে কয়েন ছুড়ে ফেললে আবারও রোমে ফিরে আসা যায়। কারও কারও বিশ্বাস—এতে মনের ইচ্ছাও পূরণ হয়; কিন্তু সেই ঐতিহ্যে যেন ভাটা পড়েছে। ঝরনার কাছে যেতে দুই ইউরো প্রবেশমূল্য চালুর পর সেখানে কয়েন ছোড়ার পরিমাণ কমে গেছে। এতে বিপাকে পড়েছে একটি দাতব্য সংস্থা।

ঝরনা থেকে কয়েন সংগ্রহ করে রোমের দাতব্য সংস্থা কারিতাস। সেই অর্থ দিয়ে তারা খাদ্যসহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজ করে। সংস্থাটি সাধারণত বছরে ১৪ লাখ ইউরোর বেশি অর্থ সংগ্রহ করে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহ প্রায় দুই লাখ ইউরো কমেছে।

গত ফেব্রুয়ারি থেকে ট্রেভি ঝরনার জলাধারের কাছে যেতে পর্যটকদের দুই ইউরো করে দিতে হচ্ছে। ঝরনার চারপাশে পর্যটকের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করেছে নগর কর্তৃপক্ষ।

কারিতাস রোমের পরিচালক জিউস্তিনো ত্রিনচিয়া ইতালির সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোকে বলেন, ঝরনার কাছে সরাসরি যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার কারণে কয়েন সংগ্রহ কমে থাকতে পারে। তবে এটিই একমাত্র কারণ নয়; নগদ অর্থের পরিবর্তে কার্ড ও মুঠোফোনে লেনদেনের প্রবণতা বাড়ায় পর্যটকদের কাছে খুচরা কয়েনও কম থাকছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আসা পর্যটক এরিক ও প্যাটি জানান, তাঁদের কয়েন ছোড়ার ইচ্ছা ছিল। কিন্তু সঙ্গে খুচরা পয়সা ছিল না। আবার শুধু কয়েন ছোড়ার জন্য দুই ইউরো খরচ করে ঝরনার কাছে যাওয়ারও আগ্রহ হয়নি তাঁদের। দূর থেকেই ঝরনার সৌন্দর্য উপভোগ করে সন্তুষ্ট তাঁরা।

অস্ট্রেলিয়া থেকে আসা অ্যালান ও ইং অবশ্য প্রবেশমূল্য দিয়ে ঝরনার কাছে গিয়েছিলেন। কয়েন ছোড়ার রীতির কথা জানলেও তাঁরা তা করেননি। কারণ, আশপাশে অন্য কাউকে কয়েন ছুড়তে দেখেননি। তাঁদের ধারণা, অন্যদের না করতে দেখে তাঁরাও উৎসাহ পাননি।

কারিতাসের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানান, চলতি বছরের সংগ্রহের হিসাবে বিদেশি মুদ্রা অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত ঘাটতির পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে বিষয়টি নিয়ে রোম নগর কর্তৃপক্ষের সঙ্গে সংস্থাটির কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে। কারণ, প্রবেশমূল্য চালুর প্রথম মাসেই নগর কর্তৃপক্ষ আয় করেছে ৪ লাখ ৩৫ হাজার ১৯৪ ইউরো।

২০২৫ সালে ৪৪ লাখ পর্যটক ট্রেভি ঝরনা দেখতে গিয়েছিলেন। এত বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলানোই প্রবেশমূল্য চালুর অন্যতম কারণ। ঝরনার কাছে পর্যটকদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে কর্মীরাও নিয়োজিত রয়েছেন। তাঁদের একজন নিকোলাস রোমেরো জানান, অনেক পর্যটকই কয়েন ছোড়ার জন্য তাঁর কাছে খুচরা পয়সা চান। আবার অনেকে এই ঐতিহ্য সম্পর্কে জানেনই না।

ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতির উৎপত্তি প্রাচীনকালের জলদেবতাদের উদ্দেশে উপহার দেওয়ার প্রথা থেকে হয়েছে বলে মনে করা হয়। তবে ১৯৫৪ সালে মুক্তি পাওয়া হলিউডের রোমান্টিক চলচ্চিত্র থ্রি কয়েনস ইন দ্য ফাউন্টেন এই রীতিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।