অঁ মার্শ দলের এমপি হতে চান সাবেক প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমানুয়েল ম্যাখোঁ
ইমানুয়েল ম্যাখোঁ

ফ্রান্সের নবনির্বাচিত মধ্য ডানপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গতকাল মঙ্গলবার তাঁর সরকার গঠনে কাজ শুরু করেছেন। এদিকে দেশটির আমূল পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ম্যাখোঁর দলে পদ পেতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মানুয়েল ভালস।
কট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারিয়ে গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাখোঁ। তাঁর এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ৩৯ বছর বয়সী ম্যাখোঁ এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি।
নির্বাচনে জয়ী হওয়ার পরপর ম্যাখোঁর দলের নাম ‘অঁ মার্শ’ (অগ্রসরমাণ) থেকে বদলে ‘লা রিপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) করা হয়েছে।
ম্যাখোঁ বলেছেন, ৫৭৭ আসনের জাতীয় পরিষদের জন্য তাঁর অর্ধেক প্রার্থী হবেন রাজনীতিতে নবীন।
সোশ্যালিস্ট পার্টির সাবেক প্রধানমন্ত্রী মানুয়েল ভালস গতকাল জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে ম্যাখোঁর দলের টিকিট নিয়ে লড়তে চান তিনি।
‘সোশ্যালিস্ট পার্টি এখন মৃত’ ঘোষণা দিয়ে ভালস বলেন, ‘আমি প্রেসিডেন্টের দলের একজন প্রার্থী হতে চাই এবং তাঁর আন্দোলনে শরিক হতে চাই।’ উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন ভালস।
প্রতিক্রিয়ায় ম্যাখোঁর নির্বাচনী মুখপাত্র খ্রিস্তফ কাস্তানার বলেছেন, মানুয়েল ভালসের এই দলে আসার ‘ভালো সুযোগ আছে’। কিন্তু এ জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে তাঁকে।