
বাড়ির ছাদে যখন ভোরের আলো এসে পড়ে, তখন অদ্ভুত এক মায়াময় দৃশ্যের অবতারণা হয়। চারদিকে শুভ্র তুষারের মাঝখানে দাঁড়ানো অট্টালিকাকে মনে হয়, ‘চির উন্নত মম শির’।
ভোরবেলায় চলে এসেছি স্টকহোমের প্রান্তের এক স্টেশন মরবি সেন্ত্রুমে। এখানে একটি দোকান আছে, যেখানে সরাসরি কফি বিন থেকে কফি গুঁড়ো করে নেওয়া যায়। ব্রাজিলীয়, ইথিয়পীয় আর ইতালিয়ান কফি বিন। দোকানি বৃদ্ধা সদয় নারী। নিজে কথা বলেন ভাঙা ইংরেজিতে, ফলে আমাদের দুজনের ভাঙা ইংরেজি মিলেমিশে দারুণ এক হার্দিক উষ্ণতার জন্ম হয়। ফলে শুধু কফি বেচাকেনা নয়, আমার সাকিন, কবে আসা হয়েছে, কেন এসেছি, থাকব কদিন—এসব ব্যাপারেও কৌতূহলী হয়ে ওঠেন তিনি, আর বাজার শেষে হাতে ধরিয়ে দেন লোভনীয় এক চকলেট বার। বলেন, ‘আমার কাছ থেকে উপহার’।

তুষারপাত কাকে বলে, তা বোঝানোর জন্য একটা ছবিই যথেষ্ট। ঘণ্টা খানেক আগে সাইকেলগুলো রেখে গেছে কেউ, এরই মধ্যে তারা তুষারের চাদর দিয়ে নিজেদের ঢেকে নিয়েছে। এখানে গ্যারেজে গাড়ি রাখলে অনেক টাকা গুনতে হয়। তাই অনেকেই গ্যারেজে গাড়ি না রেখে রাস্তায় বা বাড়ির কাছাকাছি খোলা জায়গায় গাড়ি রাখে। তাতে কিছু অর্থ সাশ্রয় হয়। তবে শীতকালে গাড়ি নিয়ে বের হওয়ার আগে মিনিট দশেক ঝাড়পোঁছ করে নিতে হয়।

কাল বিকেলটা ছিল আশু ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা শিশুদের দখলে। নগরীর কেন্দ্রভাগে আক পার্কে গোল করে রাখা মাঠটায় স্কেটিং করছিল শিশুরা। বাদ ছিল না বড়রাও। পাশে এক সদ্য তৈরি হওয়া অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছিল পানীয়, সম্ভবত গোগস তার নাম। কাপে করে দেওয়া হয়। দারুচিনি দিয়ে তৈরি এ পানীয়তে থাকে কিছুটা ঝাঁজাল তরল। বাদাম আর কিশমিশও যোগ করা হয় তাতে। এ পানীয় কিনলে দুটি কুকিও ধরিয়ে দেওয়া হয় হাতে। হ্যাঁ, বিকেলের প্রচণ্ড ঠান্ডায় এ পানীয় যোগ্য ওষুধই বটে।
পার্লামেন্ট ভবনের কাছে যাই। যাই বিভিন্ন মন্ত্রণালয়ের ভবনের সামনে। এই ভবনগুলোর নিচতলায় দোকান, ওপরে মন্ত্রীরা অফিস করেন। খুবই অনাড়ম্বর। হয়তো কোনো মন্ত্রী মেট্রোতে আপনার পাশে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনি টেরও পাবেন না।

স্যুভেনিরের দোকানগুলো চুটিয়ে ব্যবসা করছে। ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে দোকানের এক কোণে। ক্রেতারা আসছে, হাতে তুলে নিচ্ছে বাস্কেট, সেটা ভরে ফেলছে বিচিত্র সব সম্ভারে।
আজ স্টকহোমে শেষ দিন। একটু পরেই আরলান্ডাগামী বাসে উঠে পড়ব। সাত দিনে অসংখ্য ঘটনার সাক্ষী আমি। এর সবকিছুই হয়তো প্রকাশ করতে পারব না। কিছু থেকে যাবে মনের মণিকোঠায়।
তবে একটা কথা না বললেই নয়, বহুদিন পর তুষারপাত আমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আমার ছাত্রজীবনের সময়টায়। বহুদিন পর আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম পরিশ্রম আর আনন্দে ঘেরা যৌবনকে—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।
বিদায় স্টকহোম।