অনুপ্রেরণা হয়ে কাজে ফিরলেন অ্যাসিডদগ্ধ সুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সি লায়নের সঙ্গে জেসিকার ছবি। ছবি: বিবিসির সৌজন্যে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সি লায়নের সঙ্গে জেসিকার ছবি। ছবি: বিবিসির সৌজন্যে

মুখের গভীর ক্ষত এখনো শুকায়নি, এক চোখে ক্ষীণ দৃষ্টি। গত পাঁচ মাসের ভয়াবহ শারীরিক ও মানসিক কষ্টের অভিজ্ঞতা। কোনো কিছুই যেন কাজের জগৎ থেকে ফেরাতে পারেনি জেসিকা নোতারোকে। অ্যাসিড-সন্ত্রাসের শিকার ইতালির সাবেক এই বিউটি কুইন আবার ফিরেছেন তাঁর প্রিয় কর্মক্ষেত্রে। প্রায় পাঁচ মাস পর গতকাল শনিবার ডলফিন প্রশিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন তিনি।

২৮ বছর বয়সী সাবেক এই সুন্দরী একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা এবং ডলফিন প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ২০০৭ সালে মিস ইতালি প্রতিযোগিতায় অংশ নেন জেসিকা নোতারো। তিনি একই সঙ্গে গায়িকা ও নৃত্যশিল্পী।

চলতি বছরের জানুয়ারিতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন জেসিকা। সাবেক প্রেমিক এডসন তাভারেজ (২৯) এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ ওঠে। অ্যাসিডে জেসিকার মুখের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাঁর বাঁ চোখের দৃষ্টি হারানো আশঙ্কা তৈরি হয়। এত কিছুর পরেও একটি চোখে ব্যান্ডেজ নিয়ে ফিরে এসেছেন তিনি। তাঁর এই ফিরে আসা অ্যাসিড-সন্ত্রাসের শিকার অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

কাজে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সি লায়নের সঙ্গে নিজের ছবিও প্রকাশ করেছেন জেসিকা। লিখেছেন, ‘আমার শক্তি, এটাই’। নিজের জীবনের এই ভয়াবহ ঘটনা ফেসবুকেও লিখে জানান তিনি।

এর আগে মুখের ক্ষত নিয়ে গত এপ্রিলে টিভিতে সাক্ষাৎকারও দেন জেসিকা। সেখানে তিনি বলেন, ‘আমি চাই, সে আমার সঙ্গে যা করেছে, তা সবাই দেখুক। এটা ভালোবাসা নয়।’

২০১৪ সালে এক ডলফিন শোতে জর্জ এডসন তাভারেজের সঙ্গে পরিচয় জেসিকা নোতারোর। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছরের সম্পর্ক ভেঙে যায় গত বছর। এরপর থেকে নানাভাবে জেসিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন তাভারেজ। এ নিয়ে আদালতে জর্জ তাভারেজের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগও দায়ের করেছিলেন জেসিকা। ওই সময় জেসিকার বাড়িতে না যেতে তাভারেজকে আদেশ দেন আদালত। চলতি বছরের ১২ জানুয়ারি জেসিকার বাসার সামনে তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে।