অন্তত তিনটি সন্তান নিন: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যে নারী মা হতে চান না, তাঁর জীবন ‘অপরিণত’ ও ‘অসম্পূর্ণ’। তিনি অন্তত তিনটি সন্তান নিতে নারীদের প্রতি আহ্বান জানান। ইস্তাম্বুলে তুরস্কের ওমেন ও ডেমোক্রেসি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এরদোয়ান এসব কথা বলেন। খবর বিবিসি অনলাইনের।
এরদোয়ান বলেন, নারীদের সফল কর্মজীবনের বিষয়টিকে তিনি সমর্থন করেন। কিন্তু কাজের চাপ সন্তানধারণের ক্ষেত্রে ‘বাধা’ হতে পারে না।
সম্প্রতি তিনি মুসলিম নারীদের গর্ভনিরোধক ব্যবহার না করতে ও বেশি সন্তান নিতে আহ্বান জানান। গত ৩০ মে টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি কোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা করার কথা চিন্তা করা উচিত নয় বলে উল্লেখ করেন। উল্টো বলেন, ‘আমাদের বংশধর বাড়াতে হবে।’
চার সন্তানের বাবা এরদোয়ান ২০১৪ সালে এক বিয়ের অনুষ্ঠানে জন্মনিয়ন্ত্রণকে ‘রাষ্ট্রদ্রোহে’র শামিল বলে অভিহিত করেছিলেন।