অন্য রকম ঈদ করলেন শরণার্থীরা

একদিকে তৈরি হচ্ছে আফগানিস্তানের খাবার ‘বুলেনি’, আর অন্যদিকে আরব খাবার ‘ফিলাফেল’। অনেকেই সঙ্গে এনেছেন তাঁদের নিজ নিজ দেশের প্রিয় খাবার। ভিন্ন ভিন্ন দেশের নানা সংস্কৃতির শ খানেক মানুষ। তাঁদের উপলক্ষ একটিই—একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

দুই বছর আগে ইউরোপ অভিমুখে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে শরণার্থীদের ঢল নেমেছিল, যাঁদের অধিকাংশই এসেছিলেন মুসলিম-অধ্যুষিত দেশগুলো থেকে। দশ লাখের বেশি শরণার্থীরা জার্মানির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এঁদের কেউ জার্মান ভাষা শিক্ষা, কেউ হাতেকলমে কাজ শেখায় ব্যস্ত। জার্মানির শরণার্থীদের জন্য জার্মান অভিবাসী ও শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়, অভিবাসী ও শরণার্থীবিষয়ক সংগঠনগুলো কাজ করছে।

হ্যানোভারের ২৫ বছরের পুরোনো সংগঠন ‘আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র’ অভিবাসী ও শরণার্থীদের নিয়ে নানা রকম কাজ করছে। এর মধ্যে গত দুই বছর থেকে শরণার্থীদের নিয়ে ঈদ উৎসব পালন করা হচ্ছে বলে জানান সংগঠনটির পরিচালক বাংলাদেশের মেয়ে লিপি মাহজাবিন আহমেদ।
লিপি বলেন, সহকর্মী কারি ব্রের্গম্যান, নিকো ফরম, জোহানা লাল, টাফি মোনেমো ও সেমেক পিটারের দীর্ঘদিনের প্রস্তুতিতে এ আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। উৎসবে শুধু নানা দেশের শরণার্থীরাই নয়, এসেছিলেন নানা ধর্মের শুভানুধ্যায়ী অভিবাসী ও জার্মানরা। বিভিন্ন দেশের বিচিত্র সব খাবার, নানা সুরে নানা ভাষার গান ও নাচ উপস্থিত সবাইকে আনন্দ দেয়।