অপহৃত ক্রোয়েশীয়র শিরশ্ছেদ করল আইএস
মিসরে অপহৃত ক্রোয়েশিয়ার নাগরিক তোমিস্লাভ সালোপেকের শিরশ্ছেদ-পরবর্তী একটি স্থিরচিত্র অনলাইনে প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সহযোগীরা। খবর এএফপি ও সিএনএনের।
গতকাল বুধবার প্রকাশিত এই স্থিরচিত্রটির বস্তুনিষ্ঠতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে সঠিক প্রমাণিত হলে, মিসরে গত বছর আইএস তাদের শাখা খোলার পর থেকে এ পর্যন্ত দেশটিতে কোনো বিদেশি বন্দীকে এভাবে হত্যার এটিই হবে প্রথম ঘটনা।
স্থিরচিত্র অনুযায়ী তেল-গ্যাস খাতের জরিপকারক ৩০ বছর বয়সী তোমিস্লাভ সালোপেক নিহত হলে তা বিদেশি কর্মীদের নিয়ে মিসরে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভীতির সঞ্চার করবে। সেই সঙ্গে কয়েক বছরের অস্থিরতার পর মিসরে বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির প্রচেষ্টার ওপর ছায়া ফেলবে।
প্রকাশিত দৃশ্যে দুই সন্তানের জনক তোমিস্লাভের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁর পরনে ছিল জাম্পস্যুট। এর আগে প্রচারিত এক ভিডিও দৃশ্যেও তাঁকে একই পোশাকে দেখা গিয়েছিল। তাঁর মরদেহের কাছেই বালুতে পোঁতা অবস্থায় দেখা যায় আইএসের ব্যবহৃত কালো পতাকা ও একটি ছুরি।
এ ছবির ক্যাপশনে লেখা, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সালোপেকের দেশের অংশগ্রহণ করা এবং তাঁর মুক্তির জন্য অপহরণকারীদের দাবি মেটাতে মিসর সরকারকে বেঁধে দেওয়া সময় পার হওয়ায় তাঁকে হত্যা করা হলো।