
ব্যর্থ অভুত্থান-পরবর্তী অব্যাহত দমনাভিযানের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তাঁকে বিভিন্ন সময় অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে। শুক্রবার এক ভাষণে এ কথা বলেন এরদোয়ান। পাশাপাশি আঙ্কারার প্রতি সংহতি প্রকাশ করতে একদিকে দ্বিধা, অন্যদিকে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করায় পশ্চিমা রাষ্ট্রগুলোরও আবার সমালোচনা করেছেন তিনি।
১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে রাজধানী আঙ্কারায় এক ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। এতে প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক ব্যর্থ-অভ্যুত্থানচেষ্টার পর দেশে দেখা যাওয়া ‘ঐক্যের অনুভূতিতে’ তিনি অনুপ্রাণিত হয়েছেন। তাই তাঁকে অবমাননার অভিযোগে করা সব মামলা তুলে নিতে যাচ্ছেন তিনি। চলতি বছরের শুরুর দিকের হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করার কারণে দুই হাজারের বেশি লোক ফৌজদারি মামলার সম্মুখীন হয়েছেন। ধরপাকড়ের বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলোর সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘কিছুসংখ্যক লোক আমাদের উপদেশ দিচ্ছেন। তাঁরা বলছেন, তাঁরা উদ্বিগ্ন।’ ওই সমালোচকদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘নিজের চরকায় তেল দিন। নিজেরা কী করছেন তা ভাবুন।’
বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট মার্কিন সেনাবাহিনীর জ্যেষ্ঠ এক কমান্ডার জেনারেল জোসেফ ভোটেলের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের পক্ষে থাকার অভিযোগ আনেন। আগের দিন ওই কমান্ডার বলেছিলেন, তুরস্কের সেনাবাহিনীর কয়েকজন কর্তাব্যক্তিকে জেলে পোরার ঘটনা তুরস্ক-যুক্তরাষ্ট্র সহযোগিতার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যর্থ অভ্যুত্থানের পর শুদ্ধি অভিযানে আটক করা লোকের সংখ্যা বেড়ে ১৮ হাজারে পৌঁছেছে। তবে বেসরকারি সূত্রে কয়েক দিন আগেই সশস্ত্র বাহিনী, পুলিশ, গোয়েন্দা এবং বিচার, শিক্ষা ও ধর্মবিষয়কসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গ্রেপ্তার ও ছাঁটাইয়ের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রচারমাধ্যমের বিরুদ্ধেও অভিযান চলছে।
এদিকে গতকাল শনিবার তুরস্কের ১৭ সাংবাদিকের বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে। ইস্তাম্বুলের এক আদালতের আদেশে তাঁদের রিমান্ডেও নেওয়া হয়। শুক্রবার মধ্যরাত পর্যন্ত হওয়া ওই শুনানিতে হাজির হওয়া ২১ সাংবাদিকের মধ্যে ৪ জনকে খালাস দেন আদালত।
ব্যর্থ অভ্যুত্থানের পর আটক করা অনেককেই ছেড়ে দেওয়া হচ্ছে বলেও সরকারিভাবে জানানো হচ্ছে।