অবশেষে তুরস্ক ও রাশিয়া বৈঠক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল বৃহস্পতিবার বেলগ্রেডে বৈঠক করেছেন। তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি বাহিনী গুলি করে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। খবর এএফপির।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই মন্ত্রী ৪০ মিনিট আলোচনা করেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে তিনি কিছু জানাননি। বেলগ্রেডে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক সংস্থা ‘অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ’-এর মন্ত্রী পর্যায়ের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন দুই মন্ত্রী।
গত ২৪ নভেম্বর তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্কের সামরিক বাহিনী। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান রুশ অভিযানে অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। তুরস্ক বলছে, যুদ্ধবিমানটি রাশিয়ার ছিল, তুর্কি সামরিক বাহিনী তা বুঝতে পারেনি। কিন্তু এ দাবি নাকচ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার বিমান সহজেই চেনা যায়। তাই তুরস্কের উচিত রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া।
পাল্টা অভিযোগ: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাল্টা অভিযোগ করে বলেছেন, মস্কো আইএসের সঙ্গে অবৈধ তেল ব্যবসায় জড়িত। গতকাল এক টেলিভিশন ভাষণে এরদোয়ান বলেন, ‘আমাদের হাতে প্রমাণ আছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।’ দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, ‘মস্কো সোভিয়েত যুগের কায়দায় প্রোপাগান্ডা শুরু করেছে।’