অবশেষে 'দেখা দিলেন' পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

কেউ বলেছিলেন, ‘তিনি গুরুতর অসুস্থ’; কেউ বলেছিলেন, ‘তিনি মারা গেছেন’; কারও বা ধারণা ছিল, সেনা অভ্যুত্থানে তিনি গদিচ্যুত হয়েছেন—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কয়েক দিন ধরে এমন সব গুজব ঘুরপাক খাচ্ছিল।
তবে ১০ দিন পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনসমক্ষে এসেছেন ৬২ বছর বয়সী এই রুশ নেতা। আজ সোমবার কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। তবে এ সময় টেলিভিশনের শব্দতরঙ্গ বন্ধ করে রাখায় তাঁদের কথোপকথন শোনা যায়নি।
এএফপি জানিয়েছে, নিজের সম্পর্কে গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের দিকে ইঙ্গিত করেই পুতিন কিরগিজ প্রেসিডেন্টকে বলেন, ‘গুজবহীন জীবন বড় একঘেয়ে।’ সেন্ট পিটার্সবার্গের বাইরে একটি প্যালেসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ৫ মার্চ পুতিনকে দেখা গেছে। পরপর এত দিন ধরে পুতিনকে এর আগে কখনো লোকচক্ষুর অন্তরালে থাকতে দেখা যায়নি। তবে এই ১০ দিন পুতিন কোথায় ছিলেন, তা নিয়ে রহস্য এখনো কাটেনি।

ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি কার্টুন চিত্র দেখছেন দুজন। ছবি: এএফপি।
ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি কার্টুন চিত্র দেখছেন দুজন। ছবি: এএফপি।

বিবিসি ও এএফপির খবরে বলা হয়, পুতিনের এই ব্যাখ্যাহীন অনুপস্থিতি নিয়ে ক্রেমলিন নীরব থাকায় নানা গুজব ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগে কেউ কেউ মন্তব্য করেন, পুতিন অসুস্থ; কেউবা বলেন গোপন প্রেমের সন্তানকে দেখতে সুইজারল্যান্ড গেছেন; আবার কারও মত, তিনি হয়তো মারা গেছেন।
এর আগে সর্বশেষ ৫ মার্চ পুতিনকে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে সাক্ষাতের সময়। এরপর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে একটি নারী প্রতিনিধিদলের সদস্যরা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বলে ছবি প্রকাশ করা হয়েছিল। তবে রাশিয়ার গণমাধ্যমের একাংশে বলা হয়, ওই সাক্ষাতের ছবিটি আসলে ৫ মার্চ তোলা হয়েছিল।
খবরে বলা হয়, এমন কথাও রটেছিল যে পুতিন প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ক্রেমলিনের ভেতরে এমন কিছু ঘটেছে, যা নিয়ে সরকারের পক্ষ থেকেও সবাই চুপ আছেন। প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে পুতিন ‘নিহত’ হয়েছেন বলেও গুজব ওঠে।