অবৈধ অভিবাসী ঠেকাতে বেড়া দিচ্ছে হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরি সরকার সে দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ রুখতে সার্বিয়া সীমান্তে চার মিটার উঁচু বেড়া নির্মাণ করছে। সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক অভিবাসী দেশটিতে প্রবেশ করার পর এ উদ্যোগ নেওয়া হলো। খবর আল-জাজিরা ও এপির।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্টো গত শুক্রবার রাজধানী বুদাপেস্টে বলেন, তাঁর দেশে অভিবাসন সমস্যা নজিরবিহীন রূপ নিয়েছে। চলতি বছর এ পর্যন্ত এক লাখের বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন। তাঁদের প্রায় সবাই দক্ষিণাঞ্চলীয় সার্বিয়া সীমান্ত দিয়ে হাঙ্গেরি পৌঁছান। মন্ত্রী বলেন, নতুন করে আর কোনো অভিবাসী যাতে প্রবেশ করতে না পারেন, সে জন্যই সার্বিয়া সীমান্তে চার মিটার উঁচু বেড়া দেওয়া হচ্ছে।
আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা সাধারণত প্রথমে গ্রিসে পৌঁছান। পরে সেখান থেকে স্থলপথে সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে এগিয়ে যান। আলবেনিয়া বা সার্বিয়া হয়ে তাঁরা স্লোভেনিয়া ও হাঙ্গেরিতে প্রবেশ করেন। হাঙ্গেরি কর্তৃপক্ষ সীমান্তে বেড়া নির্মাণের কাজটি শেষ করলে অভিবাসীদের ওই দীর্ঘ যাত্রার শেষ ধাপটি প্রায় অসম্ভব হয়ে পড়বে। চলতি মাসের মধ্যেই ওই বেড়া দেওয়ার কাজ শেষ হবে বলে বুদাপেস্টের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে তাঁর দেশেই সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন। হাঙ্গেরি ও সার্বিয়া অভিবাসীদের ঢলে নজিরবিহীন চাপের মুখে পড়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যত অভিবাসী ইউরোপের মাটিতে পা রাখছেন, তার চেয়ে বেশি অভিবাসী বলকান অঞ্চল পাড়ি দিয়ে ইইউভুক্ত দেশগুলোতে প্রবেশ করছেন।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জিজার্টো এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিচ শুক্রবার দুই দেশের মধ্যে একটি সীমান্তচৌকি আবার চালু করেন। সার্বিয়া দুই দেশের সীমান্তে বেড়া দেওয়ার পদক্ষেপের জোরালো বিরোধী। তবে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাদিচ এ সময় স্বীকার করেন, অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
চলমান পরিস্থিতিতে হাঙ্গেরি নিজেদের অভিবাসননীতিতে পরিবর্তন এনে কঠোর কিছু বিধি যুক্ত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ধরনের পদক্ষেপ ‘অসমর্থনীয়’ বলে সমালোচনা করেছে।