অভিবাসন-প্রত্যাশীদের এই ঢল কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের রসজক গ্রামের কাছে একটি মাঠে ইউরোপমুখী অভিবাসন-প্রত্যাশীরা। ছবি: এএফপি
হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের রসজক গ্রামের কাছে একটি মাঠে ইউরোপমুখী অভিবাসন-প্রত্যাশীরা। ছবি: এএফপি

পুরোনো সংঘাত, যুদ্ধ-বিগ্রহ, নিপীড়ন-বঞ্চনার অবসান হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে নতুন এক সংকট। দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি তত অবনতির দিকে যাচ্ছে। ইউরোপে অভিবাসী-সংকট এখন চরমে। সংকটের উপাখ্যান জানতে ফিরে তাকাতে হবে পেছনে।
ইউরোপের দিকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকে লাখো মানুষের ঢল। বিশেষ করে সিরিয়া, আফগানিস্তান, কসোভো, ইরিত্রিয়া, পাকিস্তান, ইরাক, ইরান, নাইজেরিয়া প্রভৃতি দেশ থেকে মানুষ ছুটছে। আশ্রয়প্রার্থীদের মধ্যে শীর্ষে সিরিয়ার মানুষ, এরপর আফগানরা।
সিরিয়ায় গত চার বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। বহু মানুষ হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। দেশটির জনগণ একরকম ধরেই নিয়েছে, এই যুদ্ধের শেষ নেই। এর সঙ্গে আছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের উৎপাত।
আফগানিস্তানের গল্প আরও বেদনাদায়ক। দেশটির অধিবাসীদের দুর্ভোগের ইতিহাস সুদীর্ঘ। তাদের অবস্থা অনেকটা—‘ডাঙায় বাঘ, জলে কুমিরের’ মতো।
আফগানিস্তান ও সিরিয়ার ব্যাপারে বিশ্ব মোড়লদের ভূমিকা যা-ই থাকুক না কেন, দেশ দুটির অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থীরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারা ঝুঁকি নিয়ে দেশ ছাড়ছে।
ইরাকে অনেক দিন ধরে অস্থিরতা চলছে। সেখানেও সক্রিয় আইএস। দেশটির জনগণের কাছে শান্তি অধরাই রয়ে গেছে। দমন-পীড়নে অতিষ্ঠ ইরিত্রিয়ার জনগণ। তারা মুক্তি চায়। চরম অস্থিশীলতায় অস্থির সোমালিয়ার মানুষ। পাকিস্তানে যুদ্ধ-বিগ্রহ নেই। কিন্তু আছে হানাহানি, আছে বোমা হামলা। সংশ্লিষ্ট দেশগুলোর সংকট সহজে কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং তা দীর্ঘায়িত হচ্ছে। তাই এই দেশগুলোর মানুষ দলে দলে ইউরোপে পাড়ি জমাচ্ছে।
ইউরোপমুখী এই জনস্রোত সংশ্লিষ্ট দেশের নেতা ও বিশ্ব নেতৃত্বকে প্রকাশ্যে একটি বার্তা দিচ্ছে। আর তা হলো—‘তাঁরা ব্যর্থ’। তাঁরা বসবাসের উপযোগী একটি শান্তিপূর্ণ ও অর্থবহ পরিবেশ নিশ্চিত করতে পারেননি বলে মানুষ ইউরোপের দিকে ছুটছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত কয়েক লাখ শরণার্থী ও অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। এ সময় আড়াই হাজারের বেশি মানুষ পথে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসীদের স্রোত থামছে না। এই স্রোত সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় এই শরণার্থী সমস্যা নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মতবিরোধ কাটছে না। বিভিন্ন দেশ তাদের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে।
নিজ দেশ ছেড়ে কেউ শখে দেশান্তরি হয় না। পরিস্থিতি তাদের এই পথে পা বাড়াতে বাধ্য করেছে। তা ছাড়া অভিবাসী বা শরণার্থী হওয়ার প্রক্রিয়া এবং তাদের পরবর্তী জীবন মোটেই সুখের নয়। ধৈর্যের শেষবিন্দু পর্যন্ত সবাই নিজ দেশেই থাকতে চায়। কিন্তু সীমাটা ভেঙে গেলে আর কিছু করার থাকে না।
অতীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে, সংকটপূর্ণ এলাকার মানুষ শান্তি, অগ্রগতি বা মানবিক সহায়তার জন্য অপেক্ষায় থেকেছে। কিন্তু এবার আর মানুষ অনন্তকাল বসে থাকেনি। উন্নত ও নিরাপদ জীবনের সন্ধানে তারা নিজেরাই উদ্যোগী হয়েছে। সবকিছু উপেক্ষা করে তারা অচেনা-অজানা গন্তব্যে রওনা হয়েছে। মানুষের এই ঢল প্রতিরোধ্য। এই পরিস্থিতি বিশ্বকে বদলে দিতে পারে।—বিবিসি অবলম্বনে