অভিবাসনবিরোধী সমাবেশ রোমে
ইতালির রাজধানী রোমে শনিবার বেশ কয়েক হাজার মানুষ এক অভিবাসনবিরোধী সমাবেশে যোগ দেয়। ডানপন্থী রাজনৈতিক দল নর্দার্ন লিগ এর আয়োজন করে। সমাবেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। খবর বিবিসির।
রোমের কেন্দ্রস্থলের বিশাল এক চত্বরে আয়োজিত সমাবেশে কর, ব্যাংক-ব্যবস্থা এবং বড় বড় ব্যবসা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন নর্দার্ন লিগের নেতা মাত্তেও সালভিনি। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী রেনজি ইতালির স্বার্থের চেয়ে ইইউকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ইতালি সরকারের অভিবাসন নীতিকে ‘একটি বিপর্যয়’ আখ্যা দেন সালভিনি।
সমাবেশে নর্দার্ন লিগের নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী রেনজি কোনো সমস্যা নয়। তিনি নগণ্য একজন ক্রীতদাস। তাঁকে নিয়ন্ত্রণ করছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। তাঁরা ব্রাসেলস থেকে আমাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চান। প্রধানমন্ত্রী রেনজি ইইউর একজন “নির্বোধ চাকর”।’
সালভিনি একটি ভিন্ন ইউরোপ প্রতিষ্ঠার কথা বলেন, যেখানে ব্যাংক কম মুনাফা পাবে আর সাধারণ নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি লাভবান হবে। তিনি বলেন, ‘আমি ইতালিকে বদলে দিতে চাই। চাই ইতালির অর্থনীতি আবার সামনের দিকে যাবে। ব্রাসেলস ও ইউরোপীয় নীতির কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।’
বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতি ও জনমতকে কাজে লাগিয়ে সালভিনি ও ডানপন্থী অন্য নেতারা এগিয়ে যেতে চাইছেন। ইউরোপে ইসলামি জঙ্গিবাদের সাম্প্রতিক উত্থান এবং ইতালিতে ব্যাপক হারে অভিবাসীদের অনুপ্রবেশের মতো ব্যাপারগুলো জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে তাঁদের জন্য সহায়ক হতে পারে।