অভিবাসন-সংকট, ইইউর জরুরি বৈঠক আহবান
ইউরোপমুখী অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে সৃষ্ট সংকট মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৪ সেপ্টেম্বর ব্রাসেলসে ইইউভুক্ত ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা সংকট উত্তরণের পথ খুঁজতে এই বৈঠকে বসবেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
ইইউ-এর বর্তমান সভাপতি রাষ্ট্র লুক্সেমবুর্গ এক বিবৃতিতে বলেছে, অবৈধ অভিবাসনের এই সংকট অন্য যেকোনো সময়ের তুলনায় বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ওই আলোচনায় পারস্পরিক সহযোগিতা, অভিবাসীদের পাচার এবং তাদের ফেরত পাঠানোর নীতি নিয়ে আলোচনা হবে। গত শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, অভিবাসন-প্রত্যাশীদের মৃত্যু ঠেকাতে ইউরোপের আরও করণীয় আছে। তিনি একটি ‘সমন্বিত রাজনৈতিক প্রচেষ্টার’ প্রয়োজনীয়তার তাগিদ দেন। ওই দিনই প্যারিসে ইইউর পরিবহন নিরাপত্তা-সংক্রান্ত বৈঠকের পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অভিবাসন বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়। তিন দেশ অভিবাসন বিষয়ে সত্বর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দেয়। বৈঠকে গ্রিস এবং ইতালির সীমান্তচৌকিগুলোতে জরুরি ভিত্তিতে অভিবাসন-প্রত্যাশীদের নিবন্ধনে কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান জানানো হয়।
গত জানুয়ারি থেকে এ পর্যন্ত আড়াই হাজার অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যায়। আফ্রিকার দেশ লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের ইতালিতে পৌঁছানোর চেষ্টায় নৌকা ডুবে গত সপ্তাহে শতাধিক অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত লরিতে পাওয়া গেছে ৭১ জনের লাশ। গত এক মাসে রেকর্ড-সংখ্যক ১ লাখ ৭ হাজার ৫০০ অভিবাসন-প্রত্যাশী বিভিন্ন দেশ ঘুরে ইউরোপের সীমান্তে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে অভিবাসন-সংকট বেড়ে যাওয়ার পেছনে একটি বড় কারণ সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি।