অভিবাসী গ্রহণ করা নিয়ে দলের নেতাদের মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীর স্রোত নিয়ে দেশের ভেতরে চাপের মুখে থাকা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ বিষয়ে খানিকটা স্বস্তি পেলেন। দলের সম্মেলনে এ বিষয়ে অন্য নেতারা তাঁর পেছনে জোরদার ঐক্য দেখিয়েছেন। তবে বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এ নিয়ে কার্যকর ফল দেখাতে হবে তাঁকে। খবর এএফপির।
দক্ষিণ-পশ্চিম জার্মানির কার্লশ্রুহে নগরে অনুষ্ঠিত ক্রিশ্চিয়ান ডেমোক্রেট (সিডিইউ) দলের সম্মেলনে গত সোমবার মেরকেল দক্ষতার সঙ্গে পরিস্থিতি তাঁর অনুসৃত নীতির অনুকূলে নিয়ে আসেন। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের একই সঙ্গে মানবিক সহায়তা ও শরণার্থীর সংখ্যা হ্রাসের পরিকল্পনার মিশেলে একটি মধ্যপন্থী অবস্থানে নিয়ে আসতে সক্ষম হন তিনি।
রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, দশ বছর চ্যান্সেলর থাকার পর মেরকেলের রাজনৈতিক অপমৃত্যুর যে ভবিষ্যদ্বাণী করে আসা হচ্ছিল কয়েক সপ্তাহ ধরে তা অন্তত আপাতত বন্ধ হবে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ শরণার্থীকে উদারভাবে দেশে প্রবেশের সুযোগ দিয়ে মেরকেল দেশের কট্টর ডানপন্থী ছাড়াও অনেকের বিরাগভাজন হয়েছেন। তাঁর পরিকল্পনা ভবিষ্যতে সমস্যার সূত্রপাত করবে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
সংবাদবিষয়ক ওয়েবসাইট স্পিগেল অনলাইন লিখেছে, ‘এ সম্মেলনের আগের দিনগুলোতে মেরকেলের অনেক সমালোচনা হয়েছে। তবে বিচক্ষণ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে তিনি হঠাৎ করেই এসব সমালোচনাকে অনেকটাই ম্লান করে দিলেন।’
বহুল প্রচারিত পত্রিকা বিল্ড এ সম্মেলনকে মেরকেলের ‘সবচেয়ে জোরদার মুহূর্ত’ আখ্যা দিয়েছে।
২০১৫ সালে জার্মানিতে সব মিলিয়ে দশ লাখ নতুন অভিবাসী আসার সম্ভাবনা নিয়ে ক্ষমতাসীন সিডিইউ দলে বেশ কয়েক সপ্তাহ ধরে অন্তঃকোন্দল চলছে। এবারের সম্মেলনে দলের ডানঘেঁষা প্রতিনিধিদের পক্ষ থেকে অভিবাসী গ্রহণ বন্ধ করতে একটি প্রস্তাব অনুমোদনের চাপ ছিল। চ্যান্সেলর মেরকেল তা সাফল্যের সঙ্গে ঠেকাতে সক্ষম হয়েছেন।