অভিবাসী নিয়ন্ত্রণে নতুন বাহিনী গঠন করল ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সৃষ্ট সংকট মোকাবিলায় নতুন সীমান্ত বাহিনী গঠন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটি ২০০৪ সালে এ জোটের গঠন করা ফ্রন্টেক্স বাহিনীরই সম্প্রসারিত রূপ। ইউরোপজুড়ে চোরাচালান ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে প্রতিষ্ঠা করা হয়েছিল ফ্রন্টেক্স।
নতুন বাহিনীর নাম ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি (ইবিসিজি)। শক্তিশালী এ বাহিনী গতকাল বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অভিবাসন নিয়ে সবচেয়ে গুরুতর সংকটে পড়েছে ইউরোপ। সংকট মোকাবিলায় এই রকম অভিন্ন কৌশল গ্রহণের চেষ্টাকে তাদের জন্য বিরল সংহতি প্রদর্শনের ঘটনা বলে মনে করা হচ্ছে।
ইইউয়ের কর্মকর্তারা বুলগেরিয়া-তুরস্ক সীমান্তের কাপিতান-আন্দ্রিভো চেক পয়েন্টে নতুন টাস্কফোর্সের কার্যক্রম উদ্বোধন করেন। ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ এড়িয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি প্রধান স্থলসীমান্ত পথ হিসেবে বিবেচিত।
ইইউয়ের ১৯টি সদস্যদেশ থেকে আপাতত দেড় হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করেছে ইবিসিজি। শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢল নামার মতো পরিস্থিতিতে ত্বরিতগতিতে তাদের মোতায়েন করা সম্ভব হবে।
ইইউর সদর দপ্তর ব্রাসেলস আশা প্রকাশ করেছে, পুনর্গঠিত এই বাহিনী শুধু ইউরোপের নিরাপত্তা জোরদার করবে না, বরং ইইউ অভিবাসননীতি নিয়ে জোটের পূর্ব ও পশ্চিমের সদস্যদেশগুলোর ঝগড়াঝাঁটিতে নিজেদের মধ্যে যে বিরাট ফাটল দেখা দিয়েছে তা জোড়া লাগাতেও সাহায্য করবে।
নতুন উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য সীমান্তের ওপর ইইউ জোটের নিয়ন্ত্রণ জোরদার ও পাসপোর্টমুক্ত শেংগেন অঞ্চল পুনঃপ্রতিষ্ঠা।