অভিবাসী-সংকট নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ইইউ

অভিবাসী-সংকট মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১৪ সেপ্টেম্বর বৈঠকটি হবে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইইউর বর্তমান প্রেসিডেন্ট দেশ লুক্সেমবুর্গ গতকাল রোববার এক বিবৃতিতে এই বৈঠকের ঘোষণা দেয়। ইইউভুক্ত ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।
বিবৃতিতে ইইউ বলছে, অভিবাসী-সংকট নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
গত সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। এ ছাড়া অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত লরির ভেতরে ৭১ জনের মরদেহ পাওয়া যায়। এসব ঘটনার পর অভিবাসী-সংকট মোকাবিলায় ইইউয়ের পক্ষ থেকে জরুরি বৈঠকের ঘোষণা এল।
গত মাসে রেকর্ডসংখ্যক অভিবাসন-প্রত্যাশী ইউরোপের বিভিন্ন সীমান্তে পৌঁছায়। এই সংখ্যা এক লাখের বেশি।
জাতিসংঘ বলছে, অভিবাসী-সংকট বাড়ার অন্যতম বড় কারণ সিরিয়ায় চলমান যুদ্ধ। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকেও অভিবাসন-প্রত্যাশীরা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে।