অভিবাসী সামলাতে ইইউ সীমান্ত বাহিনী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুততার সঙ্গে নতুন একটি সীমান্তরক্ষী ও কোস্টগার্ড বাহিনী গঠনের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠক শেষে এ কথা জানানো হয়েছে। সেই সঙ্গে ভূমধ্যসাগর হয়ে অভিবাসী ও শরণার্থী আসা কমাতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে আবারও জোর তাগিদ এসেছে। খবর রয়টার্সের।
নতুন সীমান্তরক্ষী বাহিনীর বিষয়ে ইইউর নির্বাহী কমিটি চলতি সপ্তাহের শুরুর দিকে ওই প্রস্তাব উত্থাপন করে। গতকালের বৈঠকে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বছরের মাঝামাঝির মধ্যে সেই বাহিনীর বিষয়ে বিস্তারিত নথিপত্রের বিষয়ে তাঁরা সমঝোতায় পৌঁছাবেন। অবশ্য গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসসহ কিছু নেতা এরই মধ্যে স্পষ্ট করে বলেছেন, প্রস্তাবে একটি দেশের অনুমতি ছাড়াই সেই দেশে ইইউর সীমান্তরক্ষী বাহিনী পাঠাতে ব্রাসেলসকে ক্ষমতা দেওয়ার যে কথা বলা আছে, তা বাতিল করতে হবে।
গতকালের তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সম্মেলনের চেয়ারম্যান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, অভিবাসীদের বিশৃঙ্খলাপূর্ণ আনাগোনা কমাতে সাম্প্রতিক মাসগুলোতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে যে ঘাটতি ছিল, সেটি স্বীকার করেছেন নেতারা। অভিবাসীদের কারণে সাম্প্রতিক সময়ে ইউরোপের কথিত শেনজেন উন্মুক্ত সীমান্ত এলাকাগুলোতে একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল।
গতকালের বৈঠকে গৃহীত চূড়ান্ত সমঝোতায় বলা হয়েছে, ‘ইউরোপ বর্তমানে অভিবাসীদের যে নজিরবিহীন স্রোত দেখতে পাচ্ছে, তা কমাতে বিগত মাসগুলোতে ইউরোপীয় কাউন্সিল একটি কৌশল প্রণয়ন করেছে। কিন্তু এর বাস্তবায়ন ছিল অপর্যাপ্ত। এতে গতি আনতে হবে। শেনজেন সীমান্তের অখণ্ডতার স্বার্থে এর বহিঃসীমান্তগুলোতে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের বিষয়টি অপরিহার্য।’
ভূমধ্যসাগর হয়ে ইউরোপমুখী অভিবাসী-শরণার্থীরা সাধারণত প্রথমে ইতালি ও গ্রিসে ঢোকে। তাই বিষয়টির ব্যবস্থাপনা করতে এবং কারা আসছে, তা শনাক্ত করতে এই দুটি দেশ আরও বেশি কিছু করার চাপে রয়েছে। আর প্রকৃত আশ্রয়প্রার্থীদের গ্রহণ করা এবং অনাহূত অভিবাসীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারগুলো কার্যকর ভূমিকা এখনো রাখতে পারেনি।
হাজারে হাজারে আসা অভিবাসীদের যাচাই-বাছাই করতে ইতালি ও গ্রিসে পূর্ণাঙ্গভাবে কর্মক্ষম ১১টি ‘হটস্পট’ গড়ে তোলার কথা ছিল। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত হয়েছে মাত্র দুটি। আর এযাবৎকালে দেশ দুটিতে যে লাখ লাখ অভিবাসী-শরণার্থী এসেছে, তার মধ্যে মাত্র শ দুয়েককে ইইউভুক্ত অন্য দেশগুলোতে স্থানান্তর করা গেছে। অথচ সমঝোতা অনুসারে ১ লাখ ৬০ হাজার ব্যক্তিকে স্থানান্তরের কথা ছিল।
ইইউ নেতারা অভিবাসীদের আঙুলের ছাপ নেওয়া ও তাদের উপাত্ত ভিত্তি তৈরির মাধ্যমে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সাগরপথে বিপৎসংকুল পথ পাড়ি দিয়ে আসা অভিবাসীরা এই প্রক্রিয়া এড়িয়ে চলার চেষ্টা করে থাকে। কারণ, সেটা করলে তাদের ইইউর নিয়ম মেনে ইতালি বা গ্রিসেই আশ্রয় প্রার্থনা করতে হবে। অথচ তাদের বেশির ভাগই জার্মানি বা অন্য কোনো সমৃদ্ধ দেশে যেতে চায়।
ইইউ বলে আসছে, তারা সিরিয়াসহ যেসব দেশ যুদ্ধপীড়িত, সেসব দেশের নাগরিকদের সহায়তা করতে চায়। কিন্তু তারা অন্য দেশগুলোর নাগরিকদের আলাদা করে ফেলতে চায়।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তাঁর দেশের সদস্যপদ প্রশ্নে নতুন শর্তের বিষয়ে ‘একটি চুক্তির পথ’ তৈরি হয়েছে। ইইউ নেতাদের গতকালের বৈঠকে অংশ নেওয়ার পর এ কথা বলেন তিনি।