অভিবাসী সামলাতে ৭০ কোটি ইউরো খরচ করবে ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে ঢুকে পড়া অভিবাসী সংকট মোকাবিলায় ৭০ কোটি ইউরো ব্যয় করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রমবর্ধমান অভিবাসী-শরণার্থীর ঢল নিয়ে গ্রিসের অব্যাহত হিমশিম অবস্থার প্রেক্ষাপটে গতকাল বুধবার নজিরবিহীন এ ঘোষণা দিল ২৮টি দেশের এই জোট। খবর বিবিসির।
ইইউ বিশ্বের বিভিন্ন দেশে সংকট মোকাবিলায় তার তহবিল ব্যবহার করে থাকে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে, ইইউ জোটভুক্ত দেশগুলোতেও একইভাবে তা ব্যবহার করা যাবে।
গৃহযুদ্ধ ও দারিদ্র্যের কারণে সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশ ছেড়ে আসা হাজার হাজার অভিবাসী-শরণার্থী এখন ইইউর সদস্যদেশ গ্রিসের সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোয় মানবেতর জীবন যাপন করছে। সাগরপথে তারা গ্রিসে পৌঁছালেও প্রত্যাশা অনুযায়ী পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যেতে পারছে না। কারণ, মেসিডোনিয়াসহ কয়েকটি দেশ গ্রিসের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ আগে থেকেই সতর্ক করে দিয়ে আসছে, গ্রিসে আটকা পড়া অভিবাসী-শরণার্থীরা মানবিক বিপর্যয়ের শিকার হতে পারে।
ইইউর নতুন পরিকল্পনাটি তাদের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনের কাছে গতকাল জমা দেওয়া হয়। এরপর তা সদস্যদেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্টের মাধ্যমে অনুমোদনের চেষ্টা করা হবে। সেটা সম্ভব হলে এই প্রথম ইউরোপের ভেতরে জাতিসংঘসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে যৌথভাবে মানবিক সহায়তা কর্মসূচি চালাতে পারবে ইইউর ত্রাণ সংস্থাগুলো।
ইইউর কর্মকর্তারা বলেছেন, ত্রাণ কার্যক্রমের এই পরিকল্পনার আওতায় চলতি বছর ৩০ কোটি ইউরো (৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হবে। এই তহবিল ইইউভুক্ত যেকোনো দেশে অভিবাসী-শরণার্থী সংকট মোকাবিলায় ব্যবহার করা যাবে। আর সার্বিকভাবে তিন বছরে ৭০ কোটি ইউরো বরাদ্দ দেওয়া হবে।
ইইউর মানবিক সহায়তাবিষয়ক কমিশনার ক্রিস্টস স্ট্যাইলিয়ান্ডিস এক বিবৃতিতে বলেন, ‘এই প্রস্তাবের আওতায় আমরা অতীতের যেকোনো সময়ের চেয়ে দ্রুততার সঙ্গে জরুরি সহায়তা দিতে পারব।’
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সতর্ক করে দেয়, ইউরোপ এখন ‘বহুলাংশে নিজের ডেকে আনা মানবিক সংকটের চূড়ায়’ রয়েছে।